ব্যাংকের লভ্যাংশ ঘোষণার সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা বাধ্যতামূলক

দেশের তফসিলি ব্যাংকগুলোকে শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার সাতদিনের মধ্যে নির্ধারিত ফরম্যাটে প্রতিবেদন জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্ট (এসপিসিডি) থেকে গতকাল জারি করা এক সার্কুলারে এ-সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

সার্কুলারে বলা হয়, ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকের আর্থিক সক্ষমতা এবং শেয়ারে বিনিয়োগকারীদের রিটার্নের বিষয় বিবেচনায় নিয়ে আগে থেকেই শেয়ারের বিপরীতে লভ্যাংশ বিতরণের একটি নীতিমালা কার্যকর রয়েছে। এ বিষয়ে ১৩ মার্চ জারি করা ডিওএস সার্কুলার নম্বর-০১-এর নির্দেশনার কথাও স্মরণ করিয়ে দেয়া হয়েছে।

সেই সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যাংক লভ্যাংশ ঘোষণা করলে ঘোষণার সাতদিনের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী, একটি প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে জমা দেয়ার কথা ছিল। তবে ব্যাংকিং তদারকি কার্যক্রমকে আরো শক্তিশালী করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, রিস্ক বেজড সুপারভিশন (আরবিএস) বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি তদারকি সংশ্লিষ্ট বিভাগগুলো পুনর্গঠন করেছে। এ বিষয়ে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে এসপিসিডি সার্কুলার নম্বর-০৩-এর মাধ্যমে ব্যাংকগুলোকে অবহিত করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোনো ব্যাংক লভ্যাংশ ঘোষণা করলে ঘোষণার সাতদিনের মধ্যে সংযোজনী ‘ক’-এ উল্লেখিত ছক অনুযায়ী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত একটি প্রতিবেদন সংশ্লিষ্ট ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট এবং সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্টে জমা দিতে হবে। এছাড়া ১৩ মার্চ জারি করা ডিওএস সার্কুলার নম্বর ১-এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

আরও