সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান

লালদিয়া টার্মিনাল নির্মাণ ও ৩০ বছর পরিচালনা করবে ডেনমার্কের প্রতিষ্ঠান

চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও ৩০ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস।

চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও ৩০ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এ টার্মিনাল নির্মাণের জন্য ৫৫ কোটি ডলার বা প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এপি মোলার মার্সক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানটি।

আশিক চৌধুরী বলেন, ‘লালদিয়া টার্মিনাল বিশ্বমানের প্রযুক্তি সহায়তায় তৈরি হবে, ফলে বিশ্বমানের সেবা দিতে পারবে। চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল থেকে এটায় কিছুটা পার্থক্য রয়েছে। এখানে দ্বিগুণ সংখ্যায় জাহাজ ভিড়তে পারবে। এর ফলে লাইটার জাহাজে করে পণ্য টার্মিনালে আনা এড়ানো যাবে। আরেকটা বড় পার্থক্য হচ্ছে এ টার্মিনাল সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা পরিচালনা করা যাবে। এতে কনটেইনারের যে ব্যাকলগ তৈরি হয়, সেটা কমে যাবে।’

তিনি বলেন, ‘এ টার্মিনাল হবে দেশের প্রথম গ্রিন ও স্মার্ট পোর্ট, যা বর্তমান সক্ষমতার দ্বিগুণ আকারের জাহাজ ধারণ করতে পারবে এবং ২৪ ঘণ্টা নাইট নেভিগেশন সুবিধাসহ পূর্ণমাত্রায় পরিচালিত হবে।’

বিডা চেয়ারম্যান জানান, টার্মিনালটি চালু হলে বছরে ৮ থেকে ১০ লাখ টিইইউ (কনটেইনার টার্মিনাল পরিচালনার আন্তর্জাতিক একক) পর্যন্ত কনটেইনার পরিচালনা করা যাবে, যা চট্টগ্রাম বন্দরের বর্তমান সক্ষমতার তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

টার্মিনালটি ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আশিক চৌধুরী বলেন, ‘প্রকল্পটি রাজস্ব ভাগাভাগির ভিত্তিতে পরিচালিত হবে, যার মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) প্রতি কনটেইনারে নির্দিষ্ট ডলারনির্ভর রাজস্ব পাবে। একই সঙ্গে কর, শুল্ক ও সামুদ্রিক আনুষঙ্গিক সেবার মাধ্যমেও সরকারের আয় বাড়বে।’

তিনি আরো জানান, এ প্রকল্পের নির্মাণ ও পরিচালনা পর্যায়ে ৫০০-৭০০ জনের সরাসরি কর্মসংস্থান হবে। এছাড়া ট্রাকিং, স্টোরেজ, লজিস্টিকস ও স্থানীয় এসএমই খাতে কয়েক হাজার পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।

আরও