চলতি বছর বিশ্বব্যাপী অ্যালুমিনিয়ামের দাম বাড়তে পারে ৬ শতাংশ

বিশ্বব্যাপী অ্যালুমিনিয়ামের দাম চলতি বছর বাড়তে পারে ৬ শতাংশ। এ সময় ধাতব পণ্যটির দাম পৌঁছতে পারে ২ হাজার ৪৫০ ডলারে, আগের পূর্বাভাসে যা ছিল টনপ্রতি ২ হাজার ৪০০ ডলার।

বিশ্বব্যাপী অ্যালুমিনিয়ামের দাম চলতি বছর বাড়তে পারে ৬ শতাংশ। এ সময় ধাতব পণ্যটির দাম পৌঁছতে পারে ২ হাজার ৪৫০ ডলারে, আগের পূর্বাভাসে যা ছিল টনপ্রতি ২ হাজার ৪০০ ডলার। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গবেষণা সংস্থা বিএমআই (ফিচ সলিউশনের একটি ইউনিট)। খবর মাইনিংডটকম।

বিএমআই জানায়, চলতি বছর অ্যালুমিনিয়ামের দাম বাড়ার পেছনে বাজারে কাঁচামালের সরবরাহ নিয়ে উদ্বেগ এবং বৃহত্তর অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা ভূমিকা রাখতে পারে। এছাড়া চীনে ধাতবপণ্যটির চাহিদা বৃদ্ধিও দাম ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে অন্যতম ভূমিকা পালন করবে।

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ‘চলতি বছর অ্যালুমিনিয়ামের চাহিদা বাড়ার প্রধান চালক হতে পারে চীনের পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির মতো খাত। বিশ্বের শীর্ষ ব্যবহারকারী দেশটি বৈশ্বিক মোট অ্যালুমিনিয়াম চাহিদার ৬৩ দশমিক ৫ শতাংশ পূরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

উল্লেখ্য, গত বছর বিশ্বব্যাপী অ্যালুমিনিয়ামের দাম এর আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৬ শতাংশ কমে গিয়েছিল।

এদিকে চলতি বছরের জানুয়ারি-আগস্ট পর্যন্ত বিশ্বব্যাপী অ্যালুমিনিয়াম উৎপাদন বেড়েছে। এ সময় উৎপাদন বাড়ার পেছনে ভূমিকা রেখেছে চীনের ইউনান প্রদেশে (অ্যালুমিনিয়ামের প্রধান উৎপাদনকারী অঞ্চল) আবহাওয়া পরিস্থিতির উন্নতি। যদিও বিএমআই জানিয়েছে, চীনে অ্যালুমিনিয়ামের কাঁচামাল বাজারের সাম্প্রতিক অস্থিরতা উৎপাদন প্রবৃদ্ধি সীমিত করতে পারে।

গবেষণা সংস্থাটি আরো জানায়, শক্তিশালী চাহিদা সত্ত্বে প্রাইমারি অ্যালুমিনিয়ামের বৈশ্বিক বাজারে চলতি বছরও উদ্বৃত্ত বজায় থাকবে। তবে চলতি বছর এর পরিমাণ কমে ৯৬ হাজার টনে নেমে যেতে পারে, এর আগের বছর যা ছিল ৩ লাখ ৮৪ হাজার টন। উদ্বৃত্ত কমে যাওয়াও ধাতব পণ্যটির দাম বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

বিএমআই আগামী বছরের জন্যও বিশ্বব্যাপী অ্যালুমিনিয়ামের দামের পূর্বাভাস সংশোধন করেছে। চলতি বছরের পর দাম আরো ঊর্ধ্বমুখী থাকতে পারে বলে ধারণা করছে সংস্থাটি।

আগামী বছরগুলোয় ধাতব পণ্যটির ঊর্ধ্বমুখী দামের পেছনে ভূমিকা রাখতে পারে ‘গ্রিন ইকোনমির’ দ্রুত অগ্রগতি। এছাড়া অ্যালুমিনিয়ামকে সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা একটি গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। এছাড়া সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় বড় অর্থনীতির দেশগুলো উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

ফলে বিএমআই পূর্বাভাস দিয়েছে, চলতি বছর বৈশ্বিক অ্যালুমিনিয়ামের ব্যবহার সাত কোটি পাঁচ লাখ টন থেকে বেড়ে ২০৩৩ সালের মধ্যে ৮ কোটি ৮২ লাখ টনে পৌঁছতে পারে। একই সময় বার্ষিক গড় উৎপাদন বাড়তে পারে ২ দশমিক ৫ শতাংশ হারে।

আরও