ভারি বৃষ্টিপাত

টানা চতুর্থ মাসের মতো কমতে পারে মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন

মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন ডিসেম্বরে টানা চতুর্থ মাসের মতো কমতে পারে।

মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন ডিসেম্বরে টানা চতুর্থ মাসের মতো কমতে পারে। ভারি বৃষ্টিপাতের কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশটিতে জমি থেকে ফসল সংগ্রহে ব্যাঘাত ঘটেছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে মালয়েশিয়ার একজন ইন্ডাস্ট্রি রেগুলেটর এ তথ্য জানিয়েছেন।

মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) ডিরেক্টর জেনারেল আহমাদ পারভেজ গুলাম কাদির বলেন, ‘আমরা ধারণা করছি, দেশে অপরিশোধিত পাম অয়েল উৎপাদন ৫-৮ শতাংশ কমতে পারে। তবে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকলে এ হ্রাস ১০-২০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে।’

সম্প্রতি মালয়েশিয়ার উত্তর-পূর্ব উপকূল ও দক্ষিণ থাইল্যান্ড প্রচণ্ড বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছে। বন্যায় অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, পরিবহন ব্যবস্থা ও অনেক আবাদি জমি।

খাতসংশ্লিষ্টরা বলছেন, এর মধ্যে পাম অয়েলের দাম দেড়-দুই বছরের সর্বোচ্চে পৌঁছেছে। কম উৎপাদন দেশটির মজুদ কমিয়ে দেবে। ফলে সামনের দিনগুলোয় আরো ঊর্ধ্বমুখী হতে পারে পণ্যটির দাম।

এমপিওবি সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, এর আগে নভেম্বরে মালয়েশিয়ায় অপরিশোধিত পাম অয়েল উৎপাদন আগের মাসের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কমেছে। এ সময় মোট উৎপাদন নেমেছে ১৬ কোটি ২০ লাখ টনে, যা ২০২০ সালের পর সর্বনিম্ন।

আরও