করপোরেট ও ব্যবসায়িক গ্রাহকদের জন্য সম্প্রতি ‘কর্পনেট’ নামক মোবাইল অ্যাপ চালু করেছে ব্র্যাক ব্যাংক। শক্তিশালী ও নিরাপদ মোবাইল ব্যাংকিং সলিউশনটির মাধ্যমে অনুমোদিত ব্যবহারকারীরা যেকোনো স্থান থেকে সার্বক্ষণিক লেনদেন অনুমোদন, অ্যাকাউন্ট মনিটরিং এবং জরুরি আর্থিক তথ্য দেখতে পারবেন। ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অ্যাপটিতে একসঙ্গে একাধিক লেনদেন অনুমোদনের সুবিধা রয়েছে। এটি অধিকসংখ্যক লেনদেন পরিচালনাকারী ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল করবে। ব্যবহারকারীরা অ্যাকাউন্টের ব্যালান্স ও লেনদেনের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। পুশ নোটিফিকেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ লেনদেন-সংক্রান্ত তথ্যও জানা যাবে। করপোরেট গ্রাহকরা অ্যাপটিতে এমআইএস রিপোর্ট দেখতে পারবেন, যা ব্যাংকিং কার্যক্রম পর্যবেক্ষণ এবং সময়োপযোগী ও তথ্যভিত্তিক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
করপোরেট ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় অ্যাপটিতে একাধিক স্তরের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। বায়োমেট্রিক লগইন দ্রুত ও সুবিধাজনক অ্যাকসেস নিশ্চিত করবে। টোকেনভিত্তিক লেনদেন অনুমোদন, ডিভাইস বাইন্ডিং ও সেশন-লেভেল সুরক্ষা কার্যক্রম নিরাপদ রাখবে। বিস্তারিত ‘অডিট ট্রেইল’ প্রতিটি লেনদেন ও অনুমোদন কার্যক্রম ট্র্যাক করার সুবিধা দেবে। এতে প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী হবে।
ব্র্যাক ব্যাংকের বিদ্যমান ‘কর্পনেট’ প্লাটফর্মের পরিপূরক হিসেবে কাজ করবে নতুন অ্যাপটি। মোবাইল ব্যবহারের সুবিধার সঙ্গে এন্টারপ্রাইজ পর্যায়ের নিরাপত্তা ও তদারকি সমন্বয়ের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ ও সুশাসন অক্ষুণ্ন রেখে গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রমে আরো নমনীয়তা ও স্বাধীনতা দেবে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ব্যবসার ক্ষেত্রে বিলম্বিত অনুমোদন মানে হতে পারে একটি বিলম্বিত পেমেন্ট, শিপমেন্ট বা হাতছাড়া হয়ে যাওয়া বড় কোনো সুযোগ। কর্পনেট মোবাইল অ্যাপটি করপোরেট গ্রাহকদের যেকোনো স্থান থেকে যেকোনো সময় লেনদেন অনুমোদন এবং আর্থিক তথ্যের রিয়েল-টাইম পর্যবেক্ষণ সুবিধা নিশ্চিত করবে। এটি সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অ্যাপটি চালুর মাধ্যমে ব্র্যাক ব্যাংক প্রশাসনিক জটিলতা হ্রাস, আর্থিক সিদ্ধান্ত গ্রহণ ত্বরান্বিত করা এবং গুরুত্বপূর্ণ ব্যাংকিং কার্যক্রম আরো কার্যকরভাবে নিরাপদে পরিচালনায় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে চায়।