চলতি বছর প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম বেড়েছে মিসরে

মিসরে জ্বালানি তেলের দাম বেড়েছে। চলতি বছর এটিই দেশটির জ্বালানি খাতে প্রথম উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি।

মিসরে জ্বালানি তেলের দাম বেড়েছে। চলতি বছর এটিই দেশটির জ্বালানি খাতে প্রথম উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৮০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজের শর্ত অনুযায়ী জ্বালানি খাতে ভর্তুকি কমানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর রয়টার্স।

মিসর সরকার গতকাল বিভিন্ন জ্বালানি তেলে ১৪ দশমিক ৮১ শতাংশ পর্যন্ত দাম বাড়িয়েছে। দেশটিতে সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি তেল ডিজেলের দাম প্রতি লিটারে ২ মিসরীয় পাউন্ড বাড়িয়ে ১৫ দশমিক ৫০ মিসরীয় পাউন্ড করা হয়েছে।

পেট্রলের দাম মান অনুযায়ী ১৪ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। ৮০ অকটেন গ্রেড পেট্রলের দাম ১৫ দশমিক ৭৫ মিসরীয় পাউন্ড করা হয়েছে। ৯২ অকটেন গ্রেডের ক্ষেত্রে তা ১৭ দশমিক ২৫ মিসরীয় পাউন্ড ও ৯৫ অকটেন গ্রেডের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ মিসরীয় পাউন্ড।

এছাড়া রান্নার জন্য ব্যবহৃত বিউটেন গ্যাসের দাম প্রতি সিলিন্ডার ১৫০ মিসরীয় পাউন্ড থেকে বাড়িয়ে ২০০ মিসরীয় পাউন্ড করা হয়েছে।

আইএমএফ ২০২৪ সালে মিসরের জন্য ৮০০ কোটি ডলারের একটি সম্প্রসারিত ঋণ প্যাকেজ ঘোষণা করেছিল। এ প্যাকেজের শর্ত হিসেবে মিসরকে জ্বালানি ও অন্যান্য খাতে ভর্তুকি কমানোর পরামর্শ দেয়া হয়। আইএমএফের ঋণ কর্মসূচির চতুর্থ পর্যালোচনা সম্পন্ন হওয়ার পর সংস্থাটি মিসরকে ১২০ কোটি ডলার ছাড়ের অনুমোদন দেয়। এর প্রায় এক মাস পর জ্বালানি পণ্যের নতুন দাম কার্যকর হয়।

২০১৬ সালে মিসর আইএমএফের কাছ থেকে ১ হাজার ২০০ কোটি ডলারের ঋণ কর্মসূচির সম্মতি পায়। এর পর থেকে দেশটি ধারাবাহিকভাবে আইএমএফের সঙ্গে ঋণ চুক্তি করে আসছে। আইএমএফ মিসরে জ্বালানি, বিদ্যুৎ ও খাদ্যে ভর্তুকি কমানোর পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের পরামর্শ দিয়েছে।

মার্চে মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি জ্বালানি খাতে আর্থিক ভর্তুকিকে একটি বোঝা দাবি করে জানান, চলতি বছরের শেষ নাগাদ সরকার পেট্রোলিয়ামে আর্থিক ভর্তুকি রাখবে না। তবে ডিজেলে কিছু ভর্তুকি বজায় রাখা হবে।

দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী করিম বাদাওয়ি গত বছরের অক্টোবরে জানান, ২০২৪ সালে তিন দফায় ১১ থেকে ১৭ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি পায়। তিনি দাবি করেন, মিসর জ্বালানি খাতে ভর্তুকিতে প্রতি মাসে প্রায় ১ হাজার কোটি মিসরীয় পাউন্ড ব্যয় করছে।

আরও