চীনে জ্বালানি তেলের মজুদ কমেছে

চীনে গত মাসে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ উল্লেখযোগ্য মাত্রায় কমেছে।

চীনে গত মাসে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ উল্লেখযোগ্য মাত্রায় কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সময় দেশটিতে পণ্যটির আমদানি হ্রাস ও পরিশোধনাগার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বৃদ্ধি মজুদ কমার পেছনে ভূমিকা রেখেছে।

চীন প্রাতিষ্ঠানিকভাবে জ্বালানি তেল মজুদের পরিমাণ প্রকাশ করে না। এজন্য সাধারণত দেশটির আমদানি অভ্যন্তরীণ উত্তোলনের মোট পরিমান থেকে পরিশোধনাগারে ব্যবহারকে বাদ দিয়ে উদ্বৃত্তের হিসাব করা হয়।

বিভিন্ন পরিসংখ্যানে পাওয়া তথ্যের ভিত্তিতে করা রয়টার্সের হিসাব অনুযায়ী, গত সেপ্টেম্বরে চীনের অপরিশোধিত জ্বালানি তেল উদ্বৃত্তের পরিমাণ ছিল দৈনিক ৫ লাখ ৭০ হাজার ব্যারেল, যা আগস্টের ১০ লাখ ১০ হাজার ব্যারেলের তুলনায় প্রায় অর্ধেক।

গত সেপ্টেম্বরে চীনের জ্বালানি তেল আমদানির পরিমাণ নেমে আসে দৈনিক ১ কোটি ১৫ লাখ ব্যারেলে, যা গত জানুয়ারির পর সর্বনিম্ন। সংশ্লিষ্টদের মতে, জুনে ইরান-ইসরায়েল সংঘাতের সময় জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে পরের মাসগুলোয় চীনের পরিশোধনাগারগুলোর আমদানি হ্রাস পায়।

চীনের ন্যাশনাল বুর‍্যো অব স্ট্যাটিস্টিকসের দেয়া তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে দেশটির জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ ছিল দৈনিক ৪৩ লাখ ২০ হাজার ব্যারেল। একই সময়ে আমদানিসহ মোট সরবরাহের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৫৮ লাখ ২০ হাজার ব্যারেলে। আর পরিশোধনাগারে দৈনিক ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার ব্যারেল প্রক্রিয়াকরণ করা হয়। এ হিসেবে উদ্বৃত্তের পরিমাণ দাঁড়ায় দৈনিক ৫ লাখ ৭০ হাজার ব্যারেল।

যদিও বিশ্লেষকদের মতে, এ উদ্বৃত্তের পুরোটা মজুদাগারে যোগ হয়নি। কিছু অংশ অননুমোদিত ছোট পরিশোধন প্রতিষ্ঠানগুলোয় ব্যবহারের সম্ভাবনা আছে।

আরও