ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৬৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৭১ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান বেড়েছে ৩৩ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাংলাদেশ সার্ভিসেসের লোকসান হয়েছে ২ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৪ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২০ টাকা ৬৩ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বাংলাদেশ সার্ভিসেসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৭৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২৮ টাকা ২৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বাংলাদেশ সার্ভিসেসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৩৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পনিটির এনএভিপিএস দাঁড়িয়েছিল ২৩৪ টাকা ২৭ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি বাংলাদেশ সার্ভিসেসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৮ টাকা ৪৭ পয়সা।
সমাপ্ত ২০২০-২১ সমাপ্ত হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশের সুপারিশ করেনি বিডি সার্ভিসেসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭৩ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২৫ টাকা ২৪ পয়সায়।
বাংলাদেশ সার্ভিসেসের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ফোর’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)।
১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি সার্ভিসেসের অনুমোদিত মূলধন ২৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২ হাজার ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার ৯১৩। এর ৯৯ দশমিক ৬৮ শতাংশই রয়েছে সরকারের হাতে। এছাড়া দশমিক ১৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি দশমিক ১৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।