১ লাখ ১২ হাজার ডলারের কাছে বিটকয়েন

নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বিটকয়েনের মূল্য। বুধবার রাতে বিশ্বের বৃহত্তম এ ক্রিপ্টোকারেন্সির মূল্য এক দফা বেড়ে প্রায় ১ লাখ ১২ হাজার ডলারে পৌঁছে।

নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বিটকয়েনের মূল্য। বুধবার রাতে বিশ্বের বৃহত্তম এ ক্রিপ্টোকারেন্সির মূল্য এক দফা বেড়ে প্রায় ১ লাখ ১২ হাজার ডলারে পৌঁছে। খবর রয়টার্স।

বিশ্লেষকরা বলছেন, মূলধারার আর্থিক বাজারে অংশ নেয়া বিনিয়োগকারীদের মধ্যে বিটকয়েন গ্রহণের প্রবণতা বেড়েছে। ফলে ঝুঁকি গ্রহণের প্রবণতা ও প্রাতিষ্ঠানিক চাহিদা বেড়েছে। এতে ডিজিটাল কারেন্সির দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

এদিন বিটকয়েনের দাম সর্বোচ্চ ১ লাখ ১১ হাজার ৯৮৮ ডলার ৯০ সেন্ট পর্যন্ত পৌঁছে। সর্বশেষ খবর অনুযায়ী, দশমিক ৪ শতাংশ বেড়ে মূল্য দাঁড়ায় ১ লাখ ১১ হাজার ২৫৯ ডলার। সব মিলিয়ে বছরের শুরু থেকে এ পর্যন্ত বিটকয়েনের মূল্য ১৮ শতাংশের বেশি বেড়েছে।

প্রফেশনাল ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও সিইও অ্যান্থনি পম্পলিয়ানোর মতে, সাধারণভাবে কোনো সম্পদের মূল্য বা বাজার মূলধন বাড়লে তার সঙ্গে ঝুঁকিও বাড়ে। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে উল্টোটা ঘটে। এর মূল্য বা বাজার মূলধন বাড়লে বিনিয়োগকারীদের কাছে তুলনামূলকভাবে নিরাপদ মনে হয়। কারণ তখন এটি আরো প্রতিষ্ঠিত ও গ্রহণযোগ্য হয়ে ওঠে।

তিনি আরো বলেন, ‘যখন বিটকয়েনের বাজার মূলধন ১০০-২০০ বিলিয়ন ডলার ছিল, তখন খুব কম অভিজ্ঞ বিনিয়োগ প্রতিষ্ঠান এতে বিনিয়োগের সুযোগ নিত। এখন বাজার ট্রিলিয়ন ডলারে পৌঁছায় বিশ্বের প্রায় সব বড় বিনিয়োগকারী এতে অংশ নিতে পারছে।’

এছাড়া ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টোবান্ধব নীতিমালা পুরো ডিজিটাল অ্যাসেট খাতকে উৎসাহিত করছে। ফলে খাতটিতে বিপুল পরিমাণ মূলধন প্রবেশ করছে। যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিবারের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ একটি এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) চালুর পরিকল্পনা করছে। এর মাধ্যমে বিটকয়েন, ইথার, সোলানা ও রিপলসহ একাধিক ক্রিপ্টো টোকেনে বিনিয়োগ হবে।

বাজার মূলধনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল মুদ্রা ইথারও ঊর্ধ্বমুখী ছিল। এক মাসের মধ্যে দাম সর্বোচ্চ ২ হাজার ৭৯৪ ডলার ৯৫ সেন্টে পৌঁছায়। সর্বশেষ এটি ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ৭৪০ ডলার ৯৯ সেন্টে বিক্রি হয়।

ক্রিপ্টোসংশ্লিষ্ট অন্যান্য স্টকের দামও বেড়েছে। মাইকেল সেলরের সহপ্রতিষ্ঠিত স্ট্র্যাটেজি কোম্পানির শেয়ারের দাম বুধবার ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ ডলার ৪১ সেন্ট। ক্রিপ্টো এক্সচেঞ্জ কোইনবেস গ্লোবালের দাম বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ, যার সর্বশেষ মূল্য ছিল ৩৭৩ ডলার ৮৫ সেন্ট।

আরও