ক্রয় কমিটির সভা

দেড় লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার

দেশের জ্বালানি তেলের চাহিদা পূরণের লক্ষ্যে দেড় লাখ টন ডিজেল ও ২৫ হাজার টন অকটেন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এতে ব্যয় হবে ১ হাজার ৬৯৮ কোটি ২১ লাখ টাকা। সচিবালয়ে গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন।

অর্থ মন্ত্রাণলয় থেকে জানানো হয়, দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য ডিবিএস ট্রেডিং হাউজ এফজেডসিওর কাছ থেকে ৫০ হাজার টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল ও ২৫ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ জ্বালানি তেল কেনা হবে। এতে ব্যয় হবে ১ হাজার ২৩ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আর্চার এনার্জি এলএলসির কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ইএন৫৯০-১০ পিপিএম মানমাত্রার সালফারযুক্ত ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৭৪ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা।

এছাড়া বৈঠকে ঢাকা ওয়াসার ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (ডিইএসডব্লিউএস)’ প্রকল্পের ম্যানেজমেন্ট, ডিজাইন অ্যান্ড সুপারভিশন কনসালট্যান্ট (এমডিএসসি) প্যাকেজের আওতায় একক উৎসভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পসেবার জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে ফিখ্টনার জিএমবিএইচ অ্যান্ড কো. কেজি (জিইআর)।

প্রতিষ্ঠানটির সঙ্গে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী ২৪ মাসের জন্য পরামর্শক সেবার নতুন চুক্তির অনুমোদন দেয়া হয়েছে। এজন্য ব্যয় ধরা হয়েছে ৯৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ৮৫৫ টাকা। স্থানীয় সরকার বিভাগ প্রস্তাবটি নিয়ে আসে।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে খাদ্য অধিদপ্তর কর্তৃক উন্মুক্ত দরপত্রে ই-জিপি সিস্টেমে ৭৫টি প্যাকেজের মাধ্যমে ৩০ কেজি ধারণক্ষম নতুন তিন কোটি পিস হেসিয়ান বস্তা কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২১৫ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ১৬৪ টাকা। ৭৫টি প্যাকেজে ১৯টি দরদাতা প্রতিষ্ঠান থেকে এ হেসিয়ান বস্তা কেনা হবে।

আরও