জেদ্দায় শত কোটি ডলারের দ্বিতীয় ট্রাম্প টাওয়ার

সৌদি আরবের জেদ্দায় দ্বিতীয় ট্রাম্প টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছে লন্ডনভিত্তিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান দার গ্লোবাল।

সৌদি আরবের জেদ্দায় দ্বিতীয় ট্রাম্প টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছে লন্ডনভিত্তিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান দার গ্লোবাল। প্রায় ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের এ প্রকল্পে থাকবে আবাসিক, বাণিজ্যিক ও বিনোদন সুবিধা। দার গ্লোবালের মতে, আরব বিশ্বের বৃহত্তম অর্থনীতি সৌদি আরবের সম্পত্তি খাতে চাহিদা বাড়ছে। তাই এখনই সময় ব্র্যান্ডেড ভবন নির্মাণের। খবর দ্য ন্যাশনাল।

সৌদি আরবের দার আল আরকানের আন্তর্জাতিক বিনিয়োগ শাখা দার গ্লোবাল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জেদ্দার কেন্দ্রস্থলে কিং আবদুল আজিজ রোডে নির্মাণ হচ্ছে ট্রাম্প প্লাজা জেদ্দা। এতে থাকছে বিলাসবহুল ফ্ল্যাট, সার্ভিসড অ্যাপার্টমেন্ট, অত্যাধুনিক অফিস স্পেস ও টাউনহাউজ।

জেদ্দায় গত বছর ট্রাম্প টাওয়ার উদ্বোধনের পর সৌদি আরবে এটি দার গ্লোবালের দ্বিতীয় ট্রাম্প-স্বীকৃত প্রকল্প। প্রতিষ্ঠানটির ভাষ্য, ট্রাম্প প্লাজা জেদ্দা হবে এমন একটি কমপ্লেক্স যেখানে একসঙ্গে বসবাস, কর্মক্ষেত্র ও বিনোদনের সুবিধা থাকবে। তবে প্রকল্পটি চালুর সময়সূচি নিয়ে কিছু জানা যায়নি।

ট্রাম্প প্লাজা জেদ্দার অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে হোটেলের পরিষেবা দিয়ে সাজানো সার্ভিসড অ্যাপার্টমেন্ট ও বিলাসবহুল ফ্ল্যাট। পাশাপাশি থাকবে অফিস স্পেস। অর্থাৎ একই সঙ্গে বসবাস ও কাজের পরিবেশ গড়ে উঠবে। পাশাপাশি নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকে অনুপ্রাণিত সবুজ খোলা জায়গা পুরো কমপ্লেক্সের প্রধান আকর্ষণ হিসেবে যুক্ত হবে।

ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্প বলেন, ‘এ প্রকল্পে থাকবে বিশ্বমানের আতিথেয়তা, আধুনিক আবাসন ও প্রাণবন্ত ব্যবসায়িক পরিবেশ।’

সৌদি আরবের পাশাপাশি ওমান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কাতারে নতুন প্রকল্প নিয়ে কাজ করছে দার গ্লোবাল ও ট্রাম্প অর্গানাইজেশন। জেদ্দায় প্রকল্পটি এমন সময় নেয়া হয়েছে, যখন সম্প্রসারণ, বৈচিত্র্য ও নীতি সংস্কারের মাধ্যমে শক্তিশালী হচ্ছে সৌদি আরবের রিয়েল এস্টেট খাত।

আরও