ব্যবসা আরো বড় করছে বার্নস অ্যান্ড নোবল

বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে নতুন বছরটি আরো জোরালোভাবে শুরুর প্রস্তুতি নিচ্ছে বার্নস অ্যান্ড নোবল।

বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে নতুন বছরটি আরো জোরালোভাবে শুরুর প্রস্তুতি নিচ্ছে বার্নস অ্যান্ড নোবল। চেইন বুকশপটি ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে মোট ৬০টি নতুন স্টোর খুলতে চায়। স্পেস বাছাইয়ের ক্ষেত্রে একেবারে নতুন বাজার যেমন বিবেচনায় আছে, তেমনি আগে যেখানে স্টোর ছিল সেসব এলাকাও বাদ পড়বে না।

বার্নস অ্যান্ড নোবল শুধু বই পড়িয়ে নিজের কার্যক্রম সীমিত রাখেনি। বরাবরের মতো নতুন আউটলেটে বইয়ের পাশাপাশি সংগীত, খেলনা ও গেমস বিক্রি এবং অনেক শাখায় ক্যাফে সুবিধা থাকবে।

এ সম্প্রসারণের পেছনে রয়েছে বার্নস অ্যান্ড নোবলের সফল ব্যবসায়িক কৌশল। প্রতিষ্ঠানটি বলছে, প্রতিটি বুকস্টোরের নিয়ন্ত্রণ স্থানীয় বই বিক্রেতাদের হাতে তুলে দেয়ার যে কৌশল আমরা নিয়েছি, তা অসাধারণভাবে সফল হয়েছে। ফলে বার্নস অ্যান্ড নোবল বর্তমানে অভূতপূর্ব প্রবৃদ্ধির একটি সময় পার করছে।

বই বিক্রেতা প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, বিদ্যমান স্টোরগুলোয় বিক্রি শক্তিশালী অবস্থায় রয়েছে। ১৫ বছরেরও বেশি সময় ধরে স্টোর সংখ্যা কমতে থাকার পর তারা আবার নতুন লোকেশনে স্টোর খুলছে।

বার্নস অ্যান্ড নোবল ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, ওহাইও, টেক্সাস, ভার্জিনিয়া, ওয়াশিংটন অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে নতুন স্টোর খোলার জন্য লিজ চুক্তি নিশ্চিত করেছে। তবে নতুন স্টোরগুলোর নির্দিষ্ট অবস্থান বা উদ্বোধনের তারিখ প্রকাশ হয়নি।

অ্যামাজনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে টিকে থাকার লড়াইয়ে দিন পার করা বার্নস অ্যান্ড নোবলের ইতিহাস ১৫০ বছরের পুরনো। ওয়েবসাইট অনুযায়ী, ১৮৭০-এর দশকের শুরুতে ইলিনয়ের নিজের বাড়িতে বইয়ের ব্যবসা শুরু করেন চার্লস বার্নস। তার ছেলে উইলিয়াম বার্নস ও জি ক্লিফোর্ড নোবল মিলে ১৯১৭ সালে বার্নস অ্যান্ড নোবল বুকস্টোর প্রতিষ্ঠা করেন। ১৯৭১ সালে লিওনার্ড রিজিও কোম্পানিটি অধিগ্রহণ করেন এবং তার নেতৃত্বেই বার্নস অ্যান্ড নোবল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বই বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর একটি হয়ে ওঠে।

২০১৯ সালে হেজ ফান্ড প্রতিষ্ঠান এলিয়ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট (ঋণসহ) ৬৮ কোটি ৩০ লাখ ডলারে সম্পূর্ণ নগদ চুক্তিতে অধিগ্রহণ করে বার্নস অ্যান্ড নোবল। —খবর ফক্স বিজনেস

আরও