৮০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, বন্ডটি হবে ব্যাংকের সাব-অর্ডিনেটেড বন্ড। ব্যাসেল-৩-এর সঙ্গে সংগতি রেখে মূলধন ভিত্তি শক্তিশালী ও ব্যবসায়িক প্রবৃদ্ধি চলমান রাখতে ওই অর্থ ব্যবহার করা হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত কার্যকর হবে।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫২ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪৬০ কোটি ২৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩৯৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে ৩০ দশমিক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২২ দশমিক ৩৯, বিদেশী বিনিয়োগকারী ৫ দশমিক ৮৭ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৪১ দশমিক ৪০ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮১ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯ টাকা ৯১ পয়সায়। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি।

আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৫ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৪২ পয়সায়।

ব্যাংকটির সর্বশেষ সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

ডিএসইতে গতকাল সিটি ব্যাংক শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২২ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৭ টাকা ৩০ ও ২৬ টাকা ৭০ পয়সা।

আরও