লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের কমেছে। সাম্প্রতিক দিনগুলোয় এ জলপথে প্রতিদিন গড়ে প্রায় ২৬টি পণ্যবাহী জাহাজ চলাচল করছে। লোহিত সাগরে সংকট শুরুর আগে এ সংখ্যা ছিল গড়ে প্রায় ৭০টি। খবর আনাদোলু।
সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্যানুযায়ী, গত মঙ্গলবার বাব এল-মান্দেব দিয়ে ২৫টি পণ্যবাহী জাহাজ গেছে। এর মধ্যে ১১টি লোহিত সাগরে প্রবেশ করেছে ও ১৪টি বের হয়েছে। গত বুধবার জাহাজ চলাচল বেড়ে দাঁড়ায় ২৮টিতে। এর মধ্যে ১৬টি ছিল প্রবেশকারী ও ১২টি বেরিয়ে যাওয়া জাহাজ। বৃহস্পতিবার ফের তা কমে ২৬টিতে নামে। এদিন ১০টি জাহাজ লোহিত সাগরে প্রবেশ করে ও বেরিয়ে যায় ১৬টি।
তিনদিনে মোট ৭৯টি জাহাজ এ প্রণালি অতিক্রম করেছে। অর্থাৎ দৈনিক গড় দাঁড়িয়েছে প্রায় ২৬টিতে।
জাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্যেও একই ধরনের চিত্র পাওয়া গেছে। সংস্থাটির হিসাবে, গত ১০ দিনে বাব এল-মান্দেব দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২৭টি জাহাজ চলাচল করেছে।
নথির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষ দিক থেকে এ নৌপথে জাহাজ চলাচল কয়েক ধাপে কমেছে। বিশ্বব্যাংকের ডেটা ল্যাবের হিসাব অনুযায়ী, আইএমএফ পোর্টওয়াচের স্যাটেলাইট এআইএস তথ্য ব্যবহার করে দেখা গেছে, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বাব এল-মান্দেব দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৭১টি পণ্যবাহী ও ট্যাংকার জাহাজ চলাচল করেছে। এটি গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর আগের সময়ের স্বাভাবিক পরিস্থিতির চিত্র।
কেপলারের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সৌদি-হুথি উত্তেজনা নতুন করে বাড়ার আগে বাব এল-মান্দেব দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল করত দিনে গড়ে ৩৪টি।
এদিকে বাব এল-মান্দেবের তুলনায় হরমুজ প্রণালির পরিস্থিতি আরো কঠিন। কেপলারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার হরমুজ দিয়ে সাতটি পণ্যবাহী জাহাজ পার হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ১১টি। গত ১০ দিনে প্রতিদিন গড়ে ১৫টি জাহাজ এ পথ অতিক্রম করেছে।
অন্যদিকে ইরান যুদ্ধ শুরুর আগে, ২৮ ফেব্রুয়ারির আগ পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বড় বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে প্রায় ১২৫টি। এর মধ্যে তেলবাহী ট্যাংকার, গ্যাসবাহী জাহাজ, বাল্ক ক্যারিয়ার ও কনটেইনার জাহাজ ছিল।
হরমুজে জাহাজ চলাচল এতটা কমে যাওয়ায় উপসাগরীয় দেশগুলোর জন্য বাব এল-মান্দেবের কৌশলগত গুরুত্ব আরো বেড়েছে। এসব দেশের তেলসহ বিভিন্ন পণ্য সৌদি আরবের লোহিত সাগরীয় উপকূল দিয়ে বিকল্প পথে রফতানির প্রয়োজন তৈরি হয়েছে।
তবে ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের সাম্প্রতিক অগ্রগতি সে বিকল্প পথেও নতুন ঝুঁকি তৈরি করেছে। শুক্রবার হুথি যোদ্ধারা বাব এল-মান্দেব প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ ও পশ্চিম তায়েজ প্রদেশের ধুবাব শহর দখল করেছে বলে আনাদোলুকে জানিয়েছে ইয়েমেন সরকারের একটি সামরিক সূত্র।