২০৩৫ সাল

সৌদির মহাকাশ অর্থনীতি পৌঁছবে ৩১৬০ কোটি ডলারে

ধীরে ধীরে মহাকাশ অর্থনীতিতে দৃশ্যমান হয়ে উঠছে সৌদি আরব। দেশটির নতুন লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে মহাকাশভিত্তিক অর্থনীতিকে ৩ হাজার ১৬০ কোটি ডলারে উন্নীত করা।

ধীরে ধীরে মহাকাশ অর্থনীতিতে দৃশ্যমান হয়ে উঠছে সৌদি আরব। দেশটির নতুন লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে মহাকাশভিত্তিক অর্থনীতিকে ৩ হাজার ১৬০ কোটি ডলারে উন্নীত করা। কমিউনিকেশনস, স্পেস অ্যান্ড টেকনোলজি কমিশন (সিএসটি) প্রকাশিত স্পেস মার্কেট রিপোর্ট ২০২৫-এ এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালে সৌদি আরবের মহাকাশ খাতের আর্থিক মূল্য ছিল ৮৭০ কোটি ডলার, যা প্রতি বছর ১২ শতাংশ হারে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর আরব নিউজ।

মহাকাশ অর্থনীতির প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে উপগ্রহ প্রযুক্তি, ভূপৃষ্ঠ পর্যবেক্ষণ, উন্নত সেন্সিং প্রযুক্তি, মহাকাশভিত্তিক যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন শিল্প ও সেবা খাত। দেশটির স্থানীয় মহাকাশ বাজারে বাণিজ্যিক সেবা ও অবকাঠামোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে যার আর্থিক মূল্য ছিল ১৯০ কোটি ডলার। ২০৩৫ সালে তা ৫৬০ কোটি ডলারে পৌঁছতে পারে বলে প্রতিবেদনটিতে পূর্বাভাস দেয়া হয়েছে।

সিএসটির গভর্নর মোহাম্মদ আল-তামিমি বলেন, ‘সৌদি নেতৃত্বের দূরদর্শী পরিকল্পনা ও সমর্থনই মহাকাশ খাতের অগ্রগতিকে ত্বরান্বিত করছে। এ খাতের উন্নয়নে বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ ও জাতীয় প্রতিভা বিকাশে নেতৃত্বের সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। এটি সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণে একটি প্রধান সহায়ক শক্তি।’

আন্তর্জাতিকভাবে মহাকাশ অর্থনীতি ২০২৪ সালে ৬৮ হাজার ৭০০ কোটি থেকে ২০৩৫ সালে ১ লাখ ৮০ হাজার কোটি ডলারে পৌঁছতে পারে, যার সমন্বিত বার্ষিক প্রবৃদ্ধি (সিএজিআর) ৯ শতাংশ। অন্যদিকে এ সময়ে মহাকাশ সম্পর্কিত বাজারের আকার ১৭ হাজার ৬০০ কোটি থেকে ৩৭ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছতে পারে।

আরও