পূর্ব ইউক্রেনের পোক্রভস্ক অঞ্চলের কোকিং কয়লা খনি বন্ধ হয়ে যাওয়ার পরও ইস্পাত উৎপাদনে প্রবৃদ্ধি বজায় রেখেছে ইউক্রেন। চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) দেশটিতে অপরিশোধিত ইস্পাত উৎপাদন বেড়েছে ১ শতাংশ। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের স্টিল প্রডিউসারস ইউনিয়ন। খবর বিজনেস রেকর্ডার।
সংগঠনটির দেয়া তথ্যানুযায়ী, জানুয়ারি-এপ্রিল পর্যন্ত ইউক্রেন মোট ২৪ লাখ ৩০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে। গত বছরের একই সময় এ পরিমাণ ছিল ২৪ লাখ টন।
একসময় বিশ্বের অন্যতম শীর্ষ ইস্পাত উৎপাদন ও রফতানিকারক দেশ ছিল ইউক্রেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশটির ইস্পাত শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আক্রমণে দেশের শীর্ষস্থানীয় অনেক ‘স্টিল প্লান্ট’ ধ্বংস হয়ে যায়।
ইউক্রেনের প্রধান স্টিল কোম্পানি মেটিনভেস্ট নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে পোক্রভস্কের কোকিং কয়লা খনির কার্যক্রম বন্ধ করে দেয়। খনিটি ছিল ইউক্রেনের একমাত্র কোকিং কয়লা সরবরাহের উৎস, যা রুশ বাহিনীর অগ্রগতির মুখে বন্ধ হয়।
২০২২ সালে ইউক্রেনের ইস্পাত উৎপাদন কমে গিয়েছিল ৭০ দশমিক ৭ শতাংশ। সে সময় দেশটির মোট উৎপাদনের পরিমাণ ছিল ৬৩ লাখ টন। ২০২৩ সালে উৎপাদন আরো কমে ৬০ লাখ টনে নেমে আসে। তবে ২০২৪ সালে তা কিছুটা বেড়ে ৭৫ লাখ ৮০ হাজার টনে পৌঁছে।