দেশের পুঁজিবাজারে দুদিন ধরে সূচকে নিম্নমুখিতা দেখা যাচ্ছে। এর মধ্যে গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় ২৯ শতাংশ কমেছে। এক্সচেঞ্জটির সবক’টি সূচকই এদিন পয়েন্ট হারিয়েছে। দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সূচক কমলেও দৈনিক লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর ১০ মিনিট পর্যন্ত টানা ঊর্ধ্বমুখী ছিল সূচক। এর পর থেকে শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট কমে ৫ হাজার ১৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৯ পয়েন্ট কমে ১ হাজার ৯১৩ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও মিডল্যান্ড ব্যাংকের শেয়ার।
ডিএসইতে গতকাল ৪২৭ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৯৯ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২২৮টির আর অপরিবর্তিত ছিল ৬৭টির বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ২ শতাংশ দখলে নিয়েছে ব্যাংক খাত। ১২ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। খাদ্য ও আনুষঙ্গিক খাত ১০ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল। পঞ্চম অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৭ শতাংশ।
গতকাল ডিএসইতে খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে কাগজ ও মুদ্রণ খাতে দশমিক ৮ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে এদিন চামড়া খাতে ১ দশমিক ৩ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।
সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩০ পয়েন্ট কমে ৮ হাজার ৭৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৬৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত ছিল ২৫টির বাজারদর। গতকাল সিএসইতে ৬ কোটি ৩৫ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ কোটি ৯৯ লাখ টাকা।