ফিউচার মার্কেটে টানা দ্বিতীয় সপ্তাহে পাম অয়েলের দরপতন

ফিউচার মার্কেটে টানা দ্বিতীয় সপ্তাহেও দরপতন দেখা গেছে মালয়েশীয় পাম অয়েলের, যদিও শুক্রবার দিনের শেষ ভাগে দর কিছুটা বেড়েছিল।

ফিউচার মার্কেটে টানা দ্বিতীয় সপ্তাহেও দরপতন দেখা গেছে মালয়েশীয় পাম অয়েলের, যদিও শুক্রবার দিনের শেষ ভাগে দর কিছুটা বেড়েছিল। সর্বশেষ রফতানি ও উৎপাদন তথ্য প্রকাশের পর বিনিয়োগকারীরা এখন নতুন দিকনির্দেশনার অপেক্ষায় রয়েছেন। খবর হেলেনিক শিপিং নিউজ।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জুনে সরবরাহেরর চুক্তিতে ১৪ রিঙ্গিত বা দশমিক ৩৩ শতাংশ বেড়ে টনপ্রতি দাঁড়ায় ৪ হাজার ২১৪ রিঙ্গিতে (৯৫৩ ডলার ৩৯ সেন্ট) স্থির হয়েছে পণ্যটির বাজার। যদিও সাপ্তাহিক দর ২ দশমিক ৬৩ শতাংশ কমেছে।

কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ী জানান, সাম্প্রতিক দরপতনের পর ফিউচার মার্কেট স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে এবং চলতি মাসের রফতানি ও উৎপাদন তথ্যের ওপর ভিত্তি করে নতুন দিকনির্ধারণের প্রস্তুতি নিচ্ছে।

বৃহস্পতিবার মালয়েশিয়ার শিল্প নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত তথ্যে দেখা গেছে, মার্চে পাম অয়েলের মজুদ ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো বেড়েছে। উৎপাদন ঘুরে দাঁড়ানো ও আমদানি বাড়ায় মার্চ শেষে মজুদ ৩ দশমিক ৫২ শতাংশ বেড়ে ১৫ লাখ ৬০ হাজার টনে দাঁড়িয়েছে, যা উৎসবকালীন চাহিদাকে ছাড়িয়ে গেছে।

এপ্রিলের শুরুতে রফতানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। অ্যামস্পেক এগ্রি মালয়েশিয়া জানিয়েছে, ১-১০ এপ্রিলের মধ্যে রফতানি ৫২ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩ লাখ ১ হাজার ১১৩ টনে পৌঁছেছে। অন্যদিকে ইন্টারটেক টেস্টিং সার্ভিস জানিয়েছে, একই সময়ে রফতানি ২৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩ লাখ ২৩ হাজার ১৬০ টনে পৌঁছেছে।

আরও