কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডের জন্য বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের লেনদেন ৮-১৩ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট (ডিওএস) থেকে গতকাল এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ৮ জুলাই রাত ৮টা থেকে ১৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত এনসিসি ব্যাংকের সব শাখা ও উপশাখার কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এ সময়ে ব্যাংকটিতে কোনো ধরনের লেনদেন হবে না। এ সময় ব্যাংকটির ডেবিট কার্ড, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং, সুইফট, বিসিপিএস, বিএফটিএন, আরটিজিএস, এনপিএসবিসহ সব ধরনের সেবা বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোর ব্যাংকিং সিস্টেমের আপগ্রেড কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে লেনদেন বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এনসিসি ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ অনুমতি দিয়েছে।
নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম। —বিজ্ঞপ্তি