চীনে কারখানা বন্ধ করছে জেনারেল মোটরস

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর শেনিয়াংয়ে একটি কারখানা চলতি মাসে বন্ধ করতে যাচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা জেনারেল মোটরস (জিএম)।

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর শেনিয়াংয়ে একটি কারখানা চলতি মাসে বন্ধ করতে যাচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা জেনারেল মোটরস (জিএম)। কোম্পানির পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। খবর রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানায়, কারখানাটি চীনের বাজারের জন্য বুইক জিএল৮ মিনিভ্যান ও শেভ্রোলে ট্র্যাকার এসইউভি তৈরি করে। মডেল দুটি চীনের অটোমোবাইল শিল্পে জিএমের অবস্থানকে শক্তিশালী করেছে।

এছাড়া জানা যায়, কোম্পানিটি চীনে ব্যবসায়িক কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ দেশের স্থানীয় গাড়ি নির্মাতারা সরকারি ভর্তুকির মাধ্যমে শক্তিশালী হয়ে বাজারে প্রাধান্য বিস্তার করছে। ফলে প্রতিযোগিতামূলক পরিবেশে জিএমকে নিজেদের ব্যবসায়িক কৌশল পরিবর্তন করতে হচ্ছে।

ডেট্রয়েটভিত্তিক অটোমেকারটি চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) চীনে ব্যবসায়িক পুনর্গঠনের জন্য ৪০০ কোটি ডলার ব্যয়ের কথা জানিয়েছিল। এ খরচের মধ্যে কারখানা বন্ধের এ পদক্ষেপও অন্তর্ভুক্ত ছিল।

চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার উল্লেখ করে জিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেরি বারা বলেন, ‘কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনায় চীনে ক্যাডিলাক, বুইক ও আমদানীকৃত প্রিমিয়াম গাড়ির ব্যবসাকে বেশি গুরুত্ব দেয়া হবে। এসব গাড়ি কিছু নির্দিষ্ট চীনা ক্রেতার মধ্যে খুবই জনপ্রিয়, যা সরবরাহের মাধ্যমে আমরা ব্যবসায় সফল হতে পারি।’

নিউইয়র্কে গত সপ্তাহে আয়োজিত অটোমোবাইল সম্মেলনে তিনি আরো জানান, জেনারেল মোটরস চীনে এসএআইসি মোটরসের সঙ্গে যৌথভাবে বুইক, শেভ্রোল ও ক্যাডিলাক গাড়ি তৈরি করে।

আরও