নয় মাসের সর্বোচ্চে অ্যালুমিনিয়ামের বাজারদর

চীনের শিল্প খাতে স্থিতিশীলতা আনার লক্ষ্যে সরকারি বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে।

চীনের শিল্প খাতে স্থিতিশীলতা আনার লক্ষ্যে সরকারি বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে। ফলে সামনের দিনগুলোয় বাড়তে পারে অ্যালুমিনিয়ামের চাহিদা। এমন প্রেক্ষাপটে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) গতকাল অ্যালুমিনিয়ামের দাম প্রায় নয় মাসের সর্বোচ্চে পৌঁছেছে।

এসএইচএফইতে গতকাল ধাতবপণ্যটির দাম বেড়েছে দশমিক ৭৫ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ২০ হাজার ৯০০ ইউয়ান বা ২ হাজার ৯১৩ ডলার ২৬ সেন্টে, যা গত ১২ নভেম্বরের পর সর্বোচ্চ।

সাংহাইভিত্তিক একজন বিশ্লেষক বলেন, ‘চীনে অ্যালুমিনিয়ামের মৌলিক ভিত্তি অন্যান্য ধাতুর তুলনায় সবচেয়ে শক্তিশালী। এমন পরিস্থিতি মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে।’

এদিকে এসএইচএফই অনুমোদিত গুদামগুলোয় অ্যালুমিনিয়ামের মজুদ ১৮ জুলাই পর্যন্ত কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৮২২ টনে, যা ২০২৪ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন।

বেইজিংভিত্তিক আরেক বিশ্লেষক বলেন, ‘চীনের শিল্প খাত স্থিতিশীল করতে নেয়া বিভিন্ন পরিকল্পনা ও তিব্বতে বিশাল জলবিদ্যুৎ (ব্রহ্মপুত্র নদীর ওপর) প্রকল্প শুরু হওয়াকে ধাতু বাজারের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। যদিও প্রকৃত চাহিদা কতটা বাস্তবায়ন হবে তা এখনো স্পষ্ট নয়।’

আরও