ভিয়েতনামের চাল রফতানি এপ্রিলে বেড়েছে ১২.৩%

ভিয়েতনাম এপ্রিলে ১১ লাখ ২৫ হাজার টন চাল রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৩ শতাংশ বেশি।

ভিয়েতনাম এপ্রিলে ১১ লাখ ২৫ হাজার টন চাল রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৩ শতাংশ বেশি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস। খবর বিজনেস রেকর্ডার।

সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, এ সময় চাল রফতানি বাড়লেও তা থেকে আয় গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ কমেছে। এ সময় মোট আয় নেমে এসেছে ৫৬ কোটি ডলারে।

এদিকে এর আগে ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশন জানায়, দেশটি থেকে চলতি বছর ৭৫ লাখ টন চাল রফতানির পূর্বাভাস রয়েছে। এটি গত বছরের রেকর্ড ৯০ লাখ ৪০ হাজার টনের তুলনায় কম।

ভারত ও থাইল্যান্ডের পর ভিয়েতনাম বিশ্বের তৃতীয় বৃহত্তম চাল রফতানিকারক দেশ। দেশটির প্রধান বাজার হলো ফিলিপাইন ও ইন্দোনেশিয়া।

ফুড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নগুয়েন এনগক নাম রয়টার্সকে জানান, চলতি বছর ভিয়েতনামের চাল রফতানি কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এর পেছনে ভূমিকা রাখতে পারে ভারতের সরবরাহ বাড়ার সম্ভাবনা ও ইন্দোনেশিয়ার আমদানি কমানোর উদ্যোগ।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছর চাল রফতানি থেকে আয় ২১ দশমিক ২ শতাংশ বেড়ে ৫৬৭ কোটি ডলারে দাঁড়িয়েছে।

এদিকে ভিয়েতনামে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম বৃহস্পতিবার ছিল টনপ্রতি ৩৯৮ ডলার। এটি দুই সপ্তাহ আগের টনপ্রতি ৩৯৫ ডলারের তুলনায় কিছুটা বেশি। ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত সপ্তাহে দেশজুড়ে জাতীয় ছুটির কারণে বাজার বন্ধ ছিল।

হো চি মিন শহরভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘সরকার চাল সংরক্ষণের জন্য কিনছে, এতে দাম কিছুটা সমর্থন পেয়েছে। তবে সামগ্রিকভাবে চাহিদা দুর্বল ও বাণিজ্যিক কার্যক্রমও খুব কম।’

আরও