লেনদেনের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন আনছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এয়ার অ্যারাবিয়া। সরকার অনুমোদিত ডিজিটাল মুদ্রা এই কয়েন ব্যবহার করে এয়ারলাইনস সংস্থাটির টিকিট কেনা যাবে। এটি হবে দেশটিতে ডিজিটাল মুদ্রার মাধ্যমে ফ্লাইট বুক করার প্রথম কোনো সুযোগ। খবর দ্য ন্যাশনাল।
শারজাহভিত্তিক বাজেট ক্যারিয়ারটি আল মারিয়াহ কমিউনিটি ব্যাংকের (এমব্যাংক) সহযোগিতায় ‘এইসি ওয়ালেট’ অ্যাপের মাধ্যমে পেমেন্ট পরিষেবা চালু করছে। সংস্থাটির দাবি, তারা মধ্যপ্রাচ্যের প্রথম এয়ারলাইনস যারা সরকার অনুমোদিত স্টেবলকয়েনের মাধ্যমে ফ্লাইট বুক করার সুযোগ দিচ্ছে।
গত ডিসেম্বরে আরব আমিরাতের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এই কয়েনের ওপর চূড়ান্ত অনুমোদন দেয়। এ মুদ্রার বিনিময় হার আমিরাতি দিরহামের সঙ্গে ১:১ অনুপাতে নির্ধারিত, অর্থাৎ ১ এই কয়েনের বিনিময় হার ১ দিরহামের সমতুল্য। ফলে মুদ্রাটির বিনিময় হার বিটকয়েনের মতো ওঠানামা করবে না, বরং এটি একটি স্থিতিশীল ও নিরাপদ ডিজিটাল মুদ্রা।
এয়ার অ্যারাবিয়ার গ্রুপ সিইও আদেল আলী বলেন, ‘আমাদের নতুন এই পেমেন্ট অপশন ডিজিটাল সেবার অগ্রগতিতে এগিয়ে যাওয়ার অংশ। এতে যাত্রীরা আরো সহজ, নিরাপদ ও আধুনিক উপায়ে লেনদেন করতে পারবেন।’
যাত্রীরা যদি এই কয়েন দিয়ে টিকিট কাটতে চান, তাহলে প্রথমে ‘এইসি ওয়ালেট’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাকাউন্ট খুলে পরিচয় যাচাই করতে হবে এবং এমব্যাংক বা অন্য কোনো অনুমোদিত মাধ্যম থেকে ওয়ালেটে অর্থ যোগ করতে হবে।
বিশ্লেষকরা বলছেন, এয়ার অ্যারাবিয়ার এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যের উড়োজাহাজ ও পর্যটন খাতে ডিজিটাল মুদ্রার গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করবে।
গবেষণা সংস্থা স্ট্র্যাটেজিকঅ্যারো রিসার্চের প্রধান বিশ্লেষক সাজ আহমদ বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন থাকায় ভোক্তারা এই কয়েনকে বেশি ভরসা করতে পারবেন।’
উদ্যোগটি সংযুক্ত আরব আমিরাতের ‘ডিজিটাল দিরহাম’ পরিকল্পনার সঙ্গে মিল রেখে নেয়া হয়েছে। যার লক্ষ্য একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে তোলা।