স্পট মার্কেটে গত সপ্তাহে কমেছে এলএনজির দাম

স্পট মার্কেটে গত সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম নয় সপ্তাহের সর্বোচ্চ থেকে কমে এসেছে।

স্পট মার্কেটে গত সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম নয় সপ্তাহের সর্বোচ্চ থেকে কমে এসেছে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, অনুকূল আবহাওয়ায় কম চাহিদা ও পর্যাপ্ত মজুদ এ সময় জ্বালানি পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।

শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় মার্চে সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১০ ডলার ৭০ সেন্ট, আগের সপ্তাহে যা ছিল ১১ ডলার ৬০ সেন্ট।

এ বিষয়ে কেপলারের সিনিয়র এলএনজি অ্যানালিস্ট আরতুরো রেগালাদো বলেন, ‘‌ফেব্রুয়ারিতে ভারতে তুলনামূলক উষ্ণ তাপমাত্রা, চীনে জানুয়ারিতে প্রত্যাশার তুলনায় মজুদ থেকে কম ব্যবহার গত সপ্তাহে এলএনজির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়ায় গত পাঁচ বছরের গড়ের তুলনায় এলএনজি মজুদ বেড়েছে। এসব কারণে নিকটবর্তী মেয়াদে সরবরাহ চুক্তিগুলোর চাহিদা তুলনামূলক কম।’

আর্গাসের হেড অব প্রাইসিং মার্টিন সিনিয়র বলেন, ‘‌এলএনজির দাম কমলেও ভারত ও চীনের চাহিদা এখনো কম। এছাড়া ঠাণ্ডা আবহাওয়া কমে যাওয়ার পর জাপানে কিছু পণ্যের পুনরায় মজুদ করার চাহিদা একটু বাড়তে পারে। কিন্তু এ বাড়তি চাহিদা খুব বেশি বা দীর্ঘমেয়াদি হবে না। শুধু কয়েকটা কার্গো কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।’

ইউরোপে ডাচ টিটিএফে (নেদারল্যান্ডসের একটি ভার্চুয়াল গ্যাস ট্রেডিং হাব) পাইকারিতে প্রাকৃতিক গ্যাসের দাম গত সপ্তাহে কিছুটা কমেছে। খাতসংশ্লিষ্টরা জানান, অনুকূল তাপমাত্রার প্রত্যাশায় চাহিদা কমার আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় বাজারে জ্বালানি পণ্যটির দাম কিছুটা কমে এসেছে। এছাড়া ইউরোপে এলএনজির পর্যাপ্ত সরবরাহও রয়েছে। তবে এ অঞ্চলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। সে সময় দাম কিছুটা বেড়ে যেতে পারে।

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস জানিয়েছে, নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) আদর্শে উত্তর-পশ্চিম ইউরোপে মার্চে সরবরাহের জন্য গত বৃহস্পতিবার প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১০ ডলার ৬৯ সেন্ট। এটি টিটিএফের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্যের তুলনায় ৯৭ সেন্ট কম।

একই কার্গোর দাম প্রতি এমএমবিটিইউতে ১০ ডলার ৮১ সেন্ট নির্ধারণ করেছে আর্গাস। আর স্পার্ক কমোডিটিজ ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে তা নির্ধারণ করেছে ১০ ডলার ৭৪ সেন্ট।

যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাস উত্তোলন ঘুরে দাঁড়ানোয় নিকটবর্তী সময়ে সরবরাহের জন্য পর্যাপ্ত এলএনজি রয়েছে। তবে পূর্ব উপকূলে সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। কারণ হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েও দেখা দিতে পারে।

এদিকে বিশ্বব্যাপী এলএনজি পরিবহন ব্যয় গত সপ্তাহে তুলনামূলক স্থিতিশীল ছিল। স্পার্ক কমোডিটিজের কাসিম আফগান জানান, আটলান্টিক মহাসাগরীয় পথে গত সপ্তাহে এলএনজি পরিবহন ব্যয় ছিল দৈনিক ১১ হাজার ৫০০ ডলার। প্রশান্ত মহাসাগরীয় পথে তা ছিল ২৯ হাজার ২৫০ ডলার।

আরও