বৈশ্বিক অ্যালুমিনিয়াম উৎপাদনকারী কোম্পানিগুলো জাপানি ক্রেতাদের কাছে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের জন্য প্রতি টনে ৯৮-১০৩ ডলার প্রিমিয়ামের (মূল্য সংযোজন) প্রস্তাব করেছে। চলতি প্রান্তিকের প্রিমিয়াম মূল্যের তুলনায় এটি ৫-৯ শতাংশ কম বলে সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানিয়েছে হেলেনিক শিপিং নিউজ।
এশিয়ার বড় আমদানিকারক হিসেবে জাপানের সঙ্গে নির্ধারিত প্রিমিয়াম মূল্যে পুরো অঞ্চলের মানদণ্ড তৈরি হয়। এ প্রিমিয়াম যুক্ত হয় লন্ডন মেটাল এক্সচেঞ্জের (এলএমই) নগদ মূল্যের ওপর।
চলতি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে জাপানের অ্যালুমিনিয়াম বেচাকেনায় প্রিমিয়াম ছিল টনপ্রতি ১০৮ ডলার, যা আগের প্রান্তিকের তুলনায় ৪১ শতাংশ কম।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চাহিদা এখনো শক্তিশালী না হওয়ায় এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে উৎপাদনকারী কোম্পানিগুলো প্রিমিয়াম কমানোর প্রস্তাব দিয়েছেন। তবে বছর শেষের উৎসব মৌসুমে চাহিদা বাড়লে চতুর্থ প্রান্তিকে পুনরায় সমঝোতা হতে পারে।