ক্ষুদ্রঋণ কার্যক্রমকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরে সহায়তা করা এবং দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বল্প ও মধ্যমেয়াদি গ্রহায়ণ ঋণের জন্য সহায়ক নীতি পরিবেশ তৈরি করতে চুক্তি স্বাক্ষর করেছে বেসরকারি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ও বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।
বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এমআরএর নিজ ভবনে সংস্থা দুটির মধ্যে এ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স সেক্টর ডেভেলপমেন্ট (বিএমএসডি) শিরোনামে সাড়ে তিন লাখ ডলারের এ প্রকল্প চুক্তির মেয়াদকাল ধরা হয়েছে ১৮ মাস।
এমআরএর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন এবং আইএফসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আইএফসির দক্ষিণ এশিয়ার ম্যানেজার (এফআইজি আপস্ট্রিম ও অ্যাডভাইজরি) মেহদি চারকই।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব। তিনি বলেন, বাংলাদেশের জিডিপিতে মাইক্রোফাইন্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ খাতে ডিজিটাল সেবা আরো নতুন সুযোগ ও সেবা তৈরি করবে।
অনুষ্ঠানে এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশের ক্ষুদ্রঋণ খাতকে আরো সহজ করতে তথ্যপ্রযুক্তি নির্ভর, সময়োপযোগী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার পথে এগিয়ে যেতে হবে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এমআরএ সহায়ক নীতিমালা প্রণয়ন, পরীক্ষামূলক কার্যক্রমে সহায়তা এবং দ্রুত পরিবর্তনশীল এ খাত পর্যবেক্ষণের জন্য অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কার্যকর ও দূরদর্শী ভূমিকা পালনে দৃঢ়প্রতিজ্ঞ।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে মেহদি চারকই বলেন, আইএফসি ও এমআরএর এই যৌথ প্রয়াস বৈশ্বিক অভিজ্ঞতা ও স্থানীয় বাস্তবতার এক অনন্য সংমিশ্রণ। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বিশেষ করে নারীদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি ও জীবনমান উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্ষুদ্রঋণ বিষয়ে উপস্থাপনা প্রদান করেন আইএফসির সিনিয়র অপারেশনস অফিসার আয়েশা বেগ। এ সময় আরো উপস্থিত ছিলেন আইএফসির ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গ্রুপের বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকা বিষয়ক ম্যানেজার উইলফ্রেড ট্যামেগনন প্রমুখ।