মালয়েশিয়া আগস্টের জন্য অপরিশোধিত পাম অয়েলের রেফারেন্স মূল্য বৃদ্ধি করেছে। ফলে দেশটি থেকে ভোজ্যতেলটি রফতানিতে শুল্ক হার বেড়ে দাঁড়িয়েছে ৯ শতাংশে। গতকাল মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড (এমপিওবি) নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
মালয়েশিয়া আগস্টের জন্য প্রতি টন পাম অয়েলের রেফারেন্স মূল্য নির্ধারণ করেছে ৩ হাজার ৮৬৪ দশমিক ১২ রিঙ্গিত (৯১০ ডলার ২৮ সেন্ট)। জুলাইয়ে মালয়েশিয়ায় পাম অয়েলের রেফারেন্স মূল্য ছিল টনপ্রতি ৩ হাজার ৭৩০ দশমিক ৪৮ রিঙ্গিত। সে সময় পাম অয়েল রফতানিতে শুল্কহার ছিল ৮ দশমিক ৫ শতাংশ।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এ রেফারেন্স মূল্য ও শুল্কহার বাড়ানো হয়েছে। মূল্যস্ফীতির প্রভাব নিয়ন্ত্রণে রাখতে এবং পণ্য রফতানি থেকে রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যেই দেশটি এ পদক্ষেপ নিয়েছে।
মালয়েশিয়ার রফতানি শুল্ক কাঠামো অনুযায়ী, অপরিশোধিত প্রতি টন পাম অয়েলের মূল্য ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৪০০ রিঙ্গিতের মধ্যে হলে শুল্কহার শুরু হয় ৩ শতাংশ থেকে। দেশটিতে পাম অয়েলে আরোপিত রফতানিতে সর্বোচ্চ শুল্কহার ১০ শতাংশ। পাম অয়েলের দাম টনপ্রতি ৪ হাজার ৫০ রিঙ্গিত ছাড়ালে এ শুল্কহার প্রযোজ্য হয়।