ভিয়েতনামে গত সপ্তাহে কফি বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে। সরবরাহ ও চাহিদা কম থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে আবহাওয়া পরিস্থিতি উন্নত হওয়ায় ইন্দোনেশিয়ায় রোবাস্তা কফির বেচাকেনায় মূল্য সংযোজন (প্রিমিয়াম) কমেছে। সংশ্লিষ্ট ব্যাবসায়ীদের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
ভিয়েতনামের প্রধান কফি উৎপাদন অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষকরা গত সপ্তাহে প্রতি কেজি কফি বিন বিক্রি করেছেন ১ লাখ ২২ হাজার থেকে ১ লাখ ২৩ হাজার ৭০০ ডং দরে (৪ ডলার ৬৪ সেন্ট থেকে ৪ ডলার ৭০ সেন্ট), যা গত সপ্তাহে ছিল ১ লাখ ২১ হাজার থেকে ১ লাখ ২৩ হাজার ডং।
ব্যবসায়ী ও কৃষকরা জানিয়েছেন, সম্প্রতি দেশটির মধ্যাঞ্চলে টাইফুন আঘাত হেনেছে। যদিও এতে কফি উৎপাদনে তেমন প্রভাব পড়েনি। তবে বর্তমানে সরবরাহ প্রায় শেষ হয়ে এসেছে। নতুন মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হবে অক্টোবরে। বাজারে নতুন কফি বিনের সরবরাহ আসবে নভেম্বরে।
এদিকে ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে রোবাস্তা বিনের সেপ্টেম্বর-অক্টোবরে সরবরাহের চুক্তিতে টনপ্রতি ৩০ ডলার মূল্য সংযোজনের প্রস্তাব দেয়া হয়েছে। গত সপ্তাহে নভেম্বরে সরবরাহের চুক্তিতে এ প্রিমিয়াম ছিল টনপ্রতি ২৩০ ডলার।