২০২৪-২৫ মৌসুম

অস্ট্রেলিয়ায় বাড়তে পারে গম উৎপাদন

অস্ট্রেলিয়ায় ২০২৪-২৫ মৌসুমে বাড়তে পারে গম উৎপাদন। এ সময় দেশটির দক্ষিণাঞ্চলে উৎপাদন কিছুটা কমে গেলেও পূর্ব ও পশ্চিমাঞ্চলে ভালো ফলনের পূর্বাভাস দেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ায় ২০২৪-২৫ মৌসুমে বাড়তে পারে গম উৎপাদন। এ সময় দেশটির দক্ষিণাঞ্চলে উৎপাদন কিছুটা কমে গেলেও পূর্ব ও পশ্চিমাঞ্চলে ভালো ফলনের পূর্বাভাস দেয়া হয়েছে। এতে স্বাভাবিক গড়ের তুলনায় অস্ট্রেলিয়ায় উৎপাদন বেশি হবে। মঙ্গলবার প্রকাশিত এক প্রান্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়ের অধীন অস্ট্রেলিয়ান ব্যুরো অব এগ্রিকালচারাল অ্যান্ড রিসোর্স ইকোনমিকস অ্যান্ড সায়েন্সেস (এবিএএআরইএস)। খবর বিজনেস রেকর্ডার।

বিশ্বের অন্যতম বৃহত্তম গম রফতানিকারক দেশ অস্ট্রেলিয়া। এবিএএআরইএস অভ্যন্তরীণ গম উৎপাদন পূর্বাভাস ৬০ হাজার টন বাড়িয়ে ৩ কোটি ১৯ লাখ টন করেছে, যা আগের মৌসুমের তুলনায় ২৩ শতাংশ বেশি।

এবিএএআরইএস অস্ট্রেলিয়ার যব ও ক্যানোলা উৎপাদনের পূর্বাভাসও সংশোধন করেছে। সংস্থাটি জানায়, তিন মাস আগে দেয়া পূর্বাভাসের তুলনায় এ সময় অস্ট্রেলিয়ায় উৎপাদন ৫ লাখ বেড়ে ১ কোটি ১৭ লাখ টন হতে পারে, যা এর আগের মৌসুমের তুলনায় ৮ শতাংশ ও ১০ বছরের গড়ের তুলনায় ৩ শতাংশ বেশি। ২০২৪-২৫ মৌসুমের জন্য ক্যানোলা উৎপাদন পূর্বাভাস আগের তুলনায় ১ লাখ বাড়িয়ে ৫৬ লাখ টন করেছে সংস্থাটি।

প্রতিবেদনে এবিএএআরইএস জানায়, নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় উৎপাদন বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার বড় অংশে দীর্ঘস্থায়ী শুষ্কতা ও ব্যাপক মারাত্মক তুষারপাতের কারণে উৎপাদন কমে যাওয়া এবং ফসলের ক্ষতিগ্রস্ততার প্রভাব প্রায় সম্পূর্ণরূপে পুষিয়ে দেবে।

আরও