পাঁচ মাস পর প্রথমবার মূল্যস্ফীতি কমল যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৬ শতাংশ, যা পাঁচ মাসের মধ্যে প্রথমবার হ্রাস পেল।

যুক্তরাজ্যে অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৬ শতাংশ, যা পাঁচ মাসের মধ্যে প্রথমবার হ্রাস পেল। এতে ব্যাংক অব ইংল্যান্ডের (বিওই) জন্য সুদহার কমানোর সিদ্ধান্ত নেয়া আরো সহজ হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বিষয়টিকে বাজেট ঘোষণার আগে ব্রিটিশ অর্থমন্ত্রী র‌্যাচেল রিভসের জন্য একটি সুখবর হিসেবে দেখা হচ্ছে। খবর দ্য গার্ডিয়ান।

যুক্তরাজ্যের অফিস ফর স্ট্যাস্টিটিকসের (ওএমএস) প্রতিবেদন বলছে, দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআিই) অনুযায়ী অক্টোবরে বার্ষিক মূল্যস্ফীতি পাঁচ মাস পর প্রথমবারের মতো কমেছে। এর আগে জুলাই-সেপ্টেম্বর এ তিন মাসে মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৮ শতাংশ।

যুক্তরাজ্যে গ্যাস ও বিদ্যুতের মূল্য আগের বছরের তুলনায় ধীরে ধীরে বাড়ছে, যা মূল্যস্ফীতির হার কমাতে অবদান রেখেছে। পাশাপাশি হোটেল খরচও কমেছে। তবে খাদ্যপণ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৯ শতাংশে।

অবশ্য মূল্যস্ফীতি হ্রাস অর্থনীতিবিদদের পূর্বাভাসের সঙ্গে সংগতিপূর্ণ এবং যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের ৩ দশমিক ৭ শতাংশ পূর্বাভাসের নিচে রয়েছে। তবে এটি এখনো সরকারের লক্ষ্যমাত্রা ২ শতাংশের তুলনায় অনেক বেশি।

ব্রিটিশ অর্থমন্ত্রী রিভস ২৬ নভেম্বরের বাজেটে জীবনযাত্রার খরচ কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মূল্যস্ফীতি হ্রাস পাওয়ায় এখন কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানোর সিদ্ধান্ত নেয়া সহজ হবে। র‌্যাচেল রিভস বলেন, ‘মূল্যস্ফীতির এ হ্রাস দেশজুড়ে গৃহস্থালি ও ব্যবসায়িক পর্যায়ে ভালো খবর। তবে আমি আরো বেশি কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ, যাতে পণ্যমূল্য কমানো যায়।’

তিনি জানান, দাঁতের চিকিৎসার ক্রমবর্ধমান খরচ নিয়ে নিয়ন্ত্রক সংস্থাকে তদন্ত করতে বলছেন। এছাড়া গৃহস্থালির জ্বালানি বিল থেকে ৫ শতাংশ ভ্যাট কমানোর কথা ভাবছেন। এতে বিল পরিশোধকারীদের বছরে প্রায় ৮০ পাউন্ড সাশ্রয় হবে, সরকারের আয় কমবে ২৫০ কোটি পাউন্ড।

এদিকে বিওই পূর্বাভাস দিয়েছে, আগামী বছর যুক্তরাজ্যে মূল্যস্ফীতি প্রায় ২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নামতে পারে এবং ২০২৭ সালের মধ্যে তা ২ শতাংশের লক্ষ্য পূরণ করবে।

আরও