খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সময় ডলারের বিনিময় হার ও মার্কিন ট্রেজারি ইল্ড বাড়লেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কমেছে। এসবের প্রভাব গতকাল স্বর্ণের দাম স্থিতিশীল থাকার পেছনে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল প্রতিবেদনটি লেখা পর্যন্ত প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪৮০ ডলার ২৯ সেন্টে স্থিতিশীল ছিল। যদিও এদিন বেচাকেনার শুরুতে মূল্যবান ধাতুটির দাম গত ৩০ মার্চের পর সর্বনিম্নে নেমে গিয়েছিল। অন্যদিকে আগামী জুনে সরবরাহের চুক্তিতে গতকাল যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৮২ ডলার ৮০ সেন্টে দাঁড়িয়েছে।
অনলাইন-ভিত্তিক আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল ব্রোকার প্রতিষ্ঠান এফএক্সটিএমের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট লুকমান ওতুনুগা এ বিষয়ে জানান, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় যেকোনো ইতিবাচক অগ্রগতি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার পথ সুগম করতে পারে। এতে ডলারের বিনিময় হার কমলে মূল্যস্ফীতির আশঙ্কাও কমবে। তাই পরবর্তী সময়ে স্বর্ণের দাম আবার বাড়তে পারে।
তবে তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে শান্তি আলোচনা না হয়ে যদি ভূরাজনৈতিক উত্তেজনা আরো বাড়ে, তাহলে মূল্যস্ফীতিও বেড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়ালে স্বর্ণের দাম কমে আসতে পারে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তেহরানের সঙ্গে শত্রুতা অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেছেন।
বর্তমানে বিশ্ববাজারে মার্কিন ডলারের বিনিময় হার ছয় সপ্তাহের সর্বোচ্চের কাছাকাছি অবস্থানে রয়েছে। পাশাপাশি জ্বালানির উচ্চমূল্যের কারণে মূল্যস্ফীতির উদ্বেগ বাড়তে থাকায় ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড এক বছরেরও বেশি সময়ের সর্বোচ্চে রয়েছে।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদহার আরো বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে অধিকাংশ অর্থনীতিবিদ জানিয়েছেন, ফেডারেল রিজার্ভ (ফেড) চলতি বছর সুদের হার কমানো থেকে বিরত থাকবে। বর্তমান মূল্যস্ফীতিকে সাময়িক বিবেচনা করে তারা সুদের হার কমানোর দীর্ঘমেয়াদি পূর্বাভাস ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, আগামী ডিসেম্বরে সুদহার বাড়ার সম্ভাবনা মাত্র ৪০ শতাংশ।
এদিকে স্বর্ণের বাজার স্থিতিশীল থাকলেও অন্যান্য মূল্যবান ধাতুর দাম গতকাল ঊর্ধ্বমুখী ছিল। স্পট মার্কেটে গতকাল রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৭৫ ডলার ১৩ সেন্টে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনামের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৯২৭ ডলার ২০ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৩৭৩ ডলার ৯৫ সেন্টে পৌঁছেছে।