বোয়িংয়ের প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিকদের ধর্মঘট শুরুর আশঙ্কা

যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস এলাকায় কোম্পানির যুদ্ধবিমান উৎপাদন কারখানায় কর্মরত শ্রমিকরা সর্বসম্মতভাবে বোয়িংয়ের নতুন চুক্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস এলাকায় কোম্পানির যুদ্ধবিমান উৎপাদন কারখানায় কর্মরত শ্রমিকরা সর্বসম্মতভাবে বোয়িংয়ের নতুন চুক্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ফলে শিগগিরই ধর্মঘট শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্স।

ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যাশিনিস্ট অ্যান্ড অ্যারোস্পেস ওয়ার্কার (আইএএম) ডিস্ট্রিক্ট ৮৩৭ জানায়, বোয়িং ডিফেন্সের প্রস্তাব আমাদের দক্ষ শ্রমিকদের ত্যাগ ও অগ্রাধিকারের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে।

চুক্তির প্রস্তাবটি গত মঙ্গলবার আইএএমের ৩ হাজার ২০০ জন সদস্যের কাছে পাঠানো হয়। এতে চার বছরের জন্য মোট ২০ শতাংশ মজুরি বাড়ার পাশাপাশি ৫ হাজার ডলারের রÅাটিফিকেশন বোনাস (চুক্তি অনুমোদন বোনাস), অতিরিক্ত ছুটি ও অসুস্থতা ছুটি অন্তর্ভুক্ত ছিল।

বোয়িংয়ের এয়ার ডমিনেন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও সেন্ট লুইস সাইটের প্রধান নির্বাহী ড্যান গিলিয়ান বলেন, ‘আইএএম ৮৩৭ ইউনিয়নের জন্য আমরা যে সর্বোচ্চ আর্থিক প্রস্তাব দিয়েছি, শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেছে। আমরা আমাদের বিকল্প বা জরুরি পরিস্থিতি মোকাবেলার পরিকল্পনা সক্রিয় করেছি এবং ধর্মঘট মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছি। বর্তমানে ইউনিয়নের সঙ্গে কোনো আলোচনা নির্ধারিত নেই।’

চলতি চুক্তির মেয়াদ শেষ হয়েছে রোববার। এরপর শুরু হয়েছে সাতদিনের ‘কুলিং অফ’ (কোনো বড় সিদ্ধান্ত নেয়ার আগে নির্দিষ্ট সময়ের জন্য বিরতি) সময়কাল। এ সময় শেষে আনুষ্ঠানিক ধর্মঘটে যেতে পারবেন শ্রমিকরা।

আরও