একতা ফেয়ার ট্রেড লিমিটেডের ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুরে ক্যাথলিক বিশপস্ কনফারেন্স অব বাংলাদেশ (সিবিসিবি) মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এ কমিটি গঠন করা হয়।
এতে দেশের বিভিন্ন অঞ্চলের সদস্য, ফেয়ার ট্রেড সংশ্লিষ্ট নেতারা ও অংশীজনরা অংশ নেন। সভায় বিদায়ী চেয়ারম্যান শাহ আব্দুস সালাম সংগঠনের কার্যক্রম, টেকসই জীবিকা উন্নয়ন এবং সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন।
বিশ্ব ন্যায্য বাণিজ্য দিবস ২০২৬ উপলক্ষে সভায় অংশগ্রহণকারীরা একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। এতে ন্যায্য ও টেকসই অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এ সময় তারা এমন একটি ন্যায্য ও টেকসই অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান মানুষ ও পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।
অনুষ্ঠানে চেয়ারম্যান শাহ আব্দুস সালাম ফেয়ার ট্রেড আন্দোলনের গুরুত্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। বিশেষ অতিথি প্রকৃতির নির্বাহী পরিচালক এবং ওয়ার্ল্ড ফেয়ার ট্রেড অর্গানাইজেশনের স্বাধীন পরিচালক জনাব স্বপন কুমার দাস ‘বিজনেস রেভ্যুলেশন’ শীর্ষক উপস্থাপনায় বৈশ্বিক বাণিজ্য নীতিমালার পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি ফেয়ার ট্রেড সংগঠন ও উৎপাদকদের জন্য নৈতিক উৎস নিশ্চিতকরণ, স্বচ্ছতা, টেকসই উন্নয়ন এবং নতুন আন্তর্জাতিক বাণিজ্য মানদণ্ড অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
এজিএম শেষে অনুষ্ঠিত স্ট্যাটুটরি কাউন্সিল সভায় নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়। এতে চেয়ারম্যান হিসেবে র্নির্বাচিত হয়েছেন শাহ আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইউ থেইন মং।
কমিটির অন্য সদস্যরা হলেন— শাহিদ হোসেন শামীম, শেখ আবু হাসনাত, রিটা রোজেলিন কস্তা, মো. মঈনুল হক, শাওন আকন্দ ও মো. মাহাবুবর আলম মণ্ডল।
একতা ফেয়ার ট্রেড লিমিটেডের সচিবালয় নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ফেয়ার ট্রেড কার্যক্রম জোরদার, কারুশিল্পী ও উৎপাদকদের সহায়তা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে তাদের নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেছে।