আর্থিক প্রতিবেদন প্রকাশ

বছরের প্রথমার্ধে মুনাফা ও শেয়ারপ্রতি আয় বেড়েছে সিটি ব্যাংকের

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সমন্বিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে সিটি ব্যাংক পিএলসির।

দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গণমাধ্যম প্রতিনিধিদের কাছে আর্থিক প্রতিবেদন-সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

সিটি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বছরের প্রথমার্ধে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৫২৬ কোটি ৬৯ লাখ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৩০১ কোটি ১১ লাখ টাকা। এ সময়ে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ৩ টাকা ১ পয়সায় উন্নীত হয়েছে, যা এক বছর আগে ছিল ১ টাকা ৭২ পয়সা।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন ব্যাংকের কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের বিভিন্ন দিক উপস্থাপন করেন।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স একেএম সায়েফ উল্লাহ কাউসার এবং চিফ রিস্ক অফিসার মোহাম্মদ ফিরোজ আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যানেল সদস্যরা।

সিটি ব্যাংক জানায়, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকের কার্যক্রম আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

আরও