ক্রাফটসম্যান ফুটওয়্যার

কিউআইও তহবিলের ৩৮% অর্থ ব্যয় হয়নি

প্রায় দুই বছর আগে ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে পুঁজিবাজার থেকে ৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করেছিল চামড়া খাতের কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেড।

তবে দেশে রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক বাণিজ্য ও শুল্কনীতি পরিবর্তনের কারণে কোম্পানিটি এ অর্থের ৩৮ শতাংশ ব্যয় করতে পারেনি। বিনিয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে অব্যবহৃত অর্থ অন্য খাতে ব্যয় করার চিন্তা করছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, স্টক এক্সচেঞ্জের বিধিমালা এবং কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সম্মতি পত্রের শর্ত অনুসারে, প্রান্তিক ভিত্তিতে অর্থ ব্যয়ের তথ্য জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে ক্রাফটসম্যান ফুটওয়্যার কিউআইওর অর্থ হাতে পাওয়ার পর শুধু প্রথমবার অর্থ ব্যয়-সংক্রান্ত প্রান্তিক প্রতিবেদন জমা দিয়েছে। এরপর পাঁচটি প্রান্তিকের প্রতিবেদন জমা দেয়নি কোম্পানিটি। এ প্রতিবেদন জমা না দেয়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিটির কাছে চিঠি দিয়েছিল ডিএসই। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি জানায় যে তাদের কাছে কিউআইও তহবিলের ১ কোটি ৯২ লাখ ৬২ হাজার ৬৯৬ টাকা অব্যবহৃত রয়েছে। দেশে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য ও শুল্কনীতিতে পরিবর্তন আসার কারণে তারা এ অর্থ ব্যয় করতে পারেনি। এ অবস্থায় কোম্পানিটি বিনিয়োগকারী ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে তহবিলের অব্যবহৃত অর্থের বিকল্প ব্যবহারের বিষয়ে চিন্তা করছে বলে ডিএসইকে জানিয়েছে।

ক্রাফটসম্যান ফুটওয়্যারের অর্থ ব্যয়-সংক্রান্ত সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুসারে, কোম্পানিটি কিউআইইউর মাধ্যমে সংগৃহীত ৫ কোটি টাকার মধ্যে এখন পর্যন্ত ৩ কোটি ৭ লাখ ৩৭ হাজার ৩০৪ টাকা ব্যয় করেছে, যা সংগৃহীত অর্থের ৬১ দশমিক ৪৭ শতাংশ। কোম্পানিটির কারখানার সম্প্রসারণ, আধুনিকায়ন, পুনর্বাসন ও ভারসাম্যকরণের (বিএমআরই) জন্য ২ কোটি টাকা ব্যয় করার কথা থাকলেও এ খাতে মাত্র ৯ দশমিক ৬২ শতাংশ অর্থ ব্যয় করা সম্ভব হয়েছে। অব্যবহৃত রয়েছে ১ কোটি ৮০ লাখ ৭৬ হাজার ১৬০ টাকা বা ৯০ দশমিক ৩৮ শতাংশ অর্থ। তাছাড়া কিউআইইউ প্রক্রিয়ার খরচ বাবদ বরাদ্দ থাকা অর্থের ৪০ শতাংশ বা ১৮ লাখ ৯ হাজার ৪১৭ টাকা অব্যবহৃত রয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ক্রাফটসম্যান ফুটওয়্যারের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫৭ পয়সায়।

২০২৪ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেডের বর্তমানে অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ২৮ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ১৫ কোটি ৬১ লাখ টাকা। কোম্পানিটির শেয়ার সংখ্যা ২ কোটি ৮০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালক ৪৫ দশমিক ২২ শতাংশ, প্রতিষ্ঠান ৩২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২২ দশমিক ৭৮ শতাংশ শেয়ার।

আরও