টায়ার-১ মূলধন বৃদ্ধি ৩৪৬ কোটি টাকার পরিকল্পনা অনুমোদন করেছে এমটিবি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) পর্ষদ মূলধন কাঠামো আরো শক্তিশালী করতে ৩৪৬ কোটি টাকা টায়ার-১ মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) পর্ষদ মূলধন কাঠামো আরো শক্তিশালী করতে ৩৪৬ কোটি টাকা টায়ার-১ মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে। গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত পর্ষদের ৩৩০তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

ব্যাংকটি জানিয়েছে, প্রস্তাবিত এ টায়ার-১ মূলধন বৃদ্ধি এমটিবির বিদ্যমান পরিশোধিত মূলধনের ৩২ শতাংশ। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এটি কার্যকর হবে।

এ বিষয়ে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘অর্থনৈতিক ও নিয়ন্ত্রক পরিবেশে পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন অবস্থান আরো শক্তিশালী করতেই পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধিমালা অনুসরণ করে রাইট শেয়ার, রিপিট পাবলিক অফারিং (আরপিও), কৌশলগত বিনিয়োগ অথবা অন্য কোনো উপযুক্ত উপায়ে এ মূলধন সংগ্রহ করা হতে পারে।’

আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) এমটিবির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল একই (পুনর্মূল্যায়িত)। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৮৬ পয়সায়।

২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমটিবির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৮১ কোটি ৪৩ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৫৯ কোটি ৫৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৮ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৭২০। এর ৩৩ দশমিক ২৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক ৬২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৩ দশমিক ১২ শতাংশ শেয়ার রয়েছে।

আরও