তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসি তাদের সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডে (সিসিডিএল) থাকা সব শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ৪ আগস্ট কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, কৌশলগত উদ্দেশ্য ও তাৎক্ষণিক আর্থিক প্রয়োজনে সিসিডিএলে থাকা ৫০ শতাংশ শেয়ার বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট। শেয়ারগুলো বিক্রি ও হস্তান্তর করা হবে কোম্পানিটির আরেক সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেডের (সিপিএইচএল) অনুকূলে, যেখানে কনফিডেন্স সিমেন্টর ৩৬ শতাংশ মালিকানা রয়েছে।
শেয়ার বিক্রির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪০ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৫৬৬ টাকা। হস্তান্তর প্রক্রিয়া কনফিডেন্স সিমেন্ট ও সিপিএইচএলের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সম্পন্ন হবে, যা বিদ্যমান আইন ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কনফিডেন্স সিমেন্টের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৬৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৪৪ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কনফিডেন্স সিমেন্টের ইপিএস হয়েছে ৮ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৪ টাকা ৭৫ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কনফিডেন্স সিমেন্ট। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৯ টাকা ৮৯ পয়সায়।
কনফিডেন্স সিমেন্টের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ থ্রি’ ও স্বল্পমেয়াদে ‘এসটি টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৬ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৯৩ কোটি ৬৪ লাখ টাকা। মোট শেয়ার ৮ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৭৯০। এর ৩০ দশমিক ৩৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ৩৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।