ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১৪৭ কোটি ৩৪ লাখ টাকা আয় করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩২ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১১ দশমিক শূন্য ৫ শতাংশ। আয় বাড়ার পাশাপাশি এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফাও সামান্য বেড়েছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে রেকিট বেনকিজারের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫ কোটি ৩৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫ কোটি ১৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। প্রথম প্রান্তিকে রেকিট বেনকিজারের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩২ টাকা ১০ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮৩ টাকা ৯ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য রেকর্ড ৩ হাজার ৩৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে রেকিট বেনকিজারের ইপিএস হয়েছে ১৫৯ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৭৩ টাকা ৬৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫০ টাকা ৬৪ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫৫০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে রেকিট বেনকিজারের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭৩ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩৯ টাকা ৫০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫২ টাকা ৬৯ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৯৮০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে রেকিট বেনকিজার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩৯ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৭১ টাকা ৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৭৬ টাকা ৮০ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে জন্য বিনিয়োগকারীদের ১ হাজার ৬৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫৬ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২০০ টাকা ৬৫ পয়সায়।
১৯৮৭ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির অনুমোদিত মূলধন ২৫ কোটি ও পরিশোধিত মূলধন ৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১১৪ কোটি ৫৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৭ লাখ ২৫ হাজার। এর মধ্যে ৮২ দশমিক ৯৬ শতাংশ শেয়ারই রয়েছে মূল কোম্পানি যুক্তরাজ্যভিত্তিক রেকিট বেনকিজার পিএলসির কাছে। এছাড়া সরকারের কাছে ৩ দশমিক ৭৭, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৫ দশমিক ৭৮, বিদেশী বিনিয়োগকারী ২ দশমিক ২৬ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৫ দশমিক ২৩ শতাংশ শেয়ার রয়েছে।