এক লাখ কর্মী ছাঁটাই করতে পারে ফক্সওয়াগন

সঙ্গে কারখানা বন্ধের পরিকল্পনা

জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন প্রায় এক লাখ কর্মী ছাঁটাই করতে পারে।

একই সঙ্গে কয়েকটি কারখানায় উৎপাদন কমিয়ে একপর্যায়ে তা পুরোপুরি বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। বোর্ড সভায় উপস্থাপিত একটি অভ্যন্তরীণ প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

তবে ফক্সওয়াগন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। যদি এ পরিকল্পনা বাস্তবায়ন হয়, তবে এটি হবে প্রতিষ্ঠানটির সর্বশেষ ঘোষিত কর্মী ছাঁটাইয়ের সংখ্যার দ্বিগুণ।

ফক্সওয়াগন গ্রুপে বিশ্বজুড়ে বর্তমানে ৬ লাখ ৫০ হাজারের বেশি কর্মী কাজ করছেন। কোম্পানির অধীনে অডি, বেন্টলি, স্কোডা, সিট ও কুপ্রার মতো জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে।

বর্তমানে প্রতিষ্ঠানটি বড় ধরনের ব্যবসায়িক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। একদিকে বাজারে চীনা গাড়ি নির্মাতাদের প্রতিযোগিতা বাড়ছে, অন্যদিকে প্রচলিত জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি থেকে বিদ্যুচ্চালিত (ইভি) গাড়িতে রূপান্তরের প্রক্রিয়াটি বেশ কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে চীনা প্রতিষ্ঠানগুলো সাশ্রয়ী ইভি নিয়ে ইউরোপের বাজারে বড় অবস্থান তৈরি করেছে।

ফক্সওয়াগনের একজন মুখপাত্র জানান, পুরো গাড়ি শিল্প ও ফক্সওয়াগন গ্রুপ এখন একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির নির্বাহী বোর্ড মনে করছে, তাদের বর্তমান ব্যবসায়িক মডেলটি আর সব ব্র্যান্ডের জন্য কার্যকর নয়। জার্মানিতে গাড়ি তৈরি করে, ইউরোপে উৎপাদন বাড়িয়ে তা বিশ্ববাজারে রফতানি করার পুরনো কৌশল বর্তমানের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মিলছে না।

বর্তমানে শুল্কনীতি, তীব্র প্রতিযোগিতা ও স্থবির বা সংকুচিত বাজার পরিস্থিতির কারণে প্রতি বছর কোম্পানিকে শত শত কোটি ইউরোর আর্থিক চাপে পড়তে হচ্ছে। টিকে থাকার লড়াইয়ে জয়ী হতে খরচ ও বিনিয়োগে আরো বেশি মনোযোগ দিতে হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

জার্মানির ম্যানেজার ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ফক্সওয়াগনের প্রধান নির্বাহী অলিভার ব্লুমের নতুন পুনর্গঠন পরিকল্পনাটি আগামী মাসের সুপারভাইজরি বোর্ড সভায় আলোচনা করা হবে। এর আগে তিনি ১ হাজার ১০০ কোটি ইউরো খরচ কমানোর একটি পরিকল্পনা ঘোষণা করেছিলেন।

নতুন প্রস্তাবে মাঝারি মেয়াদে জার্মানির চারটি কারখানা বন্ধের কথা বলা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৪ সালের ছাঁটাইয়ের ঘোষণার তুলনায় এবারের পরিকল্পনা অনেক বড়। তবে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে প্রস্তাবের তীব্রতা কিছুটা কমতেও পারে।

তবে ইউরোপে চাপের মুখে থাকলেও বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার চীনে ফক্সওয়াগন কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। সম্প্রতি ২০২৬ সালের প্রথম দুই মাসে চীনে গাড়ি বিক্রির শীর্ষ স্থানটি আবার ফিরে পেয়েছে প্রতিষ্ঠানটি।

চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, চীনে ফক্সওয়াগনের যৌথ উদ্যোগগুলোর বাজার হিস্যা বর্তমানে ১৩ দশমিক ৯ শতাংশ।

এদিকে বিওয়াইডির প্রধান বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে তারা টয়োটাকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হতে চায়। এমন পরিস্থিতিতে নিজের অবস্থান ধরে রাখতে ফক্সওয়াগন পুরো গ্রুপ ও সহযোগী প্রতিষ্ঠানগুলোয় বড় ধরনের পরিবর্তন আনার ওপর জোর দিচ্ছে।’

আরও