চীন ও যুক্তরাষ্ট্রের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল বাজার ভারত। দেশটিতে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রেকর্ড পরিমাণ গাড়ি বিক্রি করেছে হুন্দাই মোটর কোম্পানি ও এর সহযোগী কিয়া। খবর কোরিয়া হেরাল্ড।
সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের দেয়া তথ্যানুযায়ী, মার্চে শেষ হওয়া প্রান্তিকে ভারতে হুন্দাই ১ লাখ ৫৩ হাজার ৫৫০ এবং কিয়া ৭৫ হাজার ৫৭৬টি গাড়ি বিক্রি করেছে। অর্থাৎ মোট ২ লাখ ২৯ হাজার ১২৬ ইউনিটে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের ২ লাখ ২৫ হাজার ৬৮৬ ইউনিটের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি। এর মাধ্যমে ২০১৯ সালে ভারতের বাজারে প্রবেশের পর থেকে প্রান্তিক হিসেবে কিয়া সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে।
ভারতের গাড়ি বাজারে ১৩ শতাংশ ও ৬ দশমিক ৪ শতাংশ হিস্যা নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও ষষ্ঠ স্থানে রয়েছে হুন্দাই ও কিয়া। কোম্পানিটির এ পারফরম্যান্সের পেছনে ছিল কৌশলগতভাবে সাজানো এসইউভি লাইনআপ, যা মোট বিক্রির ৮০ শতাংশের বেশি। ২০১৫ সালে ভারতে প্রথম এসইউভি হিসেবে ক্রেটা উন্মোচন করে হুন্দাই, এটি বিক্রি হয়েছে ৪৮ হাজার ৪৪৯ ইউনিট। এরপর রয়েছে ভেন্যু এসইউভি (৩১ হাজার ১৯৫) এবং এক্সটার এসইউভি (১৭ হাজার ৩৩০ ইউনিট)।
কিয়ার সবচেয়ে বিক্রীত মডেল ছিল সোনেট এসইউভি, এটি গত বছর বিক্রি হয়েছে ২২ হাজার ৪৯৭ ইউনিট। এছাড়া সেলটোস এসইউভি ও ক্যারেন্স মাল্টিপারপাস ভেহিকল বিক্রি হয়েছে যথাক্রমে ১৯ হাজার ৪৪১ ও ১৬ হাজার ৩৫২ ইউনিট। গত ফেব্রুয়ারিতে ভারতের বাজারে আত্মপ্রকাশ করা কিয়া সিরোস এসইউভি ১৫ হাজার ৯৮৬ ইউনিট বিক্রি হয়েছে।
ভারতের দ্রুতবর্ধনশীল অটোমোবাইল বাজারকে গুরুত্ব দিয়ে দক্ষিণ কোরিয়ার এ শীর্ষ দুই গাড়ি নির্মাতা বিক্রিতে কৌশলগত পরিবর্তন এনেছে। হুন্দাই চলতি বছর মহারাষ্ট্রের তালেগাঁও কারখানায় উৎপাদন শুরুর পরিকল্পনা করছে। ২০২৩ সালে জেনারেল মোটরস থেকে কেনা এ কারখানার বার্ষিক উৎপাদনক্ষমতা হবে দুই লাখ ইউনিট।
গত অক্টোবরে ভারতের আইপিও বাজারে প্রবেশ করেছে হুন্দাই মোটর ইন্ডিয়া। কোনো কোরিয়ান কোম্পানির বিদেশে পরিচালিত প্রথম সহযোগী হিসেবে এটি বৈশ্বিক বাজারে শেয়ার ছেড়েছে। এছাড়া গত ডিসেম্বরের হুন্দাই ও কিয়া ভারতের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা কেন্দ্রসংক্রান্ত চুক্তি করেছে। সেখানে তারা যৌথভাবে বিদ্যুচ্চালিত গাড়ির ব্যাটারি ও বিদ্যুতায়নসংক্রান্ত গবেষণা করবে।