ভিয়েতনামে ভিনফাস্টের ৭ হাজার ডলারের ইভি

ভিয়েতনামের বাজারে সবচেয়ে কম দামের বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নিয়ে এসেছে দেশটির শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভিনফাস্ট।

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে গাড়ি পৌঁছে দিয়ে স্থানীয় বাজারে ইভির ব্যবহার বাড়ানোই এর মূল লক্ষ্য। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, নতুন মডেলটির নাম ‘ভিএফ২’। ব্যাটারিসহ গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ১৮ কোটি ৮০ লাখ ডং। মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ হাজার ১৪৮ ডলার। দুই দরজা ও চার আসনবিশিষ্ট গাড়িটি ১৫ জুলাই বাজারে বিক্রি শুরু হবে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ভিনফাস্টের নতুন গাড়িটি চীনের জনপ্রিয় ‘উলিং হংগুয়াং মিনি ইভির’ সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে। ভিয়েতনামের বাজারে চীনের গাড়িটি প্রায় ২০ কোটি ডংয়ে বিক্রি হয়।

চলতি সপ্তাহে এক বিবৃতিতে ভিনফাস্ট জানায়, ভিয়েতনামের সাধারণ মানুষের মধ্যে গাড়ি ব্যবহারের প্রবণতা বাড়াতে এটি একটি বড় কৌশলগত পদক্ষেপ। যদিও বিশ্বের সবচেয়ে সস্তা গাড়িগুলোর তুলনায় এটি কিছুটা ব্যয়বহুল। তবে ভিনফাস্টের অন্য সাশ্রয়ী মডেল ‘মিনিও গ্রিন’-এর চেয়ে গাড়িটির দাম প্রায় ২০ শতাংশ কম।

ভিয়েতনামের মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় ৫ হাজার ডলার। সে হিসাবে নতুন গাড়িটির দাম দেশটির মানুষের বার্ষিক আয়ের চেয়ে প্রায় দেড় গুণ বেশি। তবে ভিয়েতনামের বাজারে বিক্রি হওয়া কিছু দামি বা প্রিমিয়াম মোটরসাইকেলের দামের কাছাকাছি হওয়ায় এটি প্রথমবার গাড়ি কিনতে যাওয়া মধ্যবিত্ত ক্রেতাদের আকৃষ্ট করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ভিয়েতনামের ৯ শতাংশ পরিবারের নিজস্ব গাড়ি রয়েছে। দেশটিতে এখনো যাতায়াতের প্রধান মাধ্যম মোটরসাইকেল।

যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ারবাজারে তালিকাভুক্ত ভিনফাস্ট বর্তমানে ভিয়েতনামের একমাত্র ইভি নির্মাতা প্রতিষ্ঠান। ২০২৪ সালে জাপানের জনপ্রিয় ব্র্যান্ড টয়োটাকে পেছনে ফেলে ভিনফাস্ট ভিয়েতনামের সর্বোচ্চ বিক্রি হওয়া গাড়ির ব্র্যান্ডে পরিণত হয়। চলতি বছরের প্রথম পাঁচ মাসে ভিনফাস্ট ভিয়েতনামের বাজারে ৯৭ হাজার ৯৬১টি গাড়ি বিক্রি করেছে। পাশাপাশি ২০২৬ সালে স্থানীয় বাজারে মোট ২ লাখ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে প্রতিষ্ঠানটির।

৩ দশমিক ১ মিটার দীর্ঘ ভিএফ২ গাড়িটি একবার পূর্ণ চার্জ দিলে ২১০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার।

ভিনফাস্ট জানায়, দ্রুতগতির চার্জারের মাধ্যমে ৩৪ মিনিটে গাড়ির ব্যাটারি ১০-৭০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। আগামী সেপ্টেম্বর থেকে ক্রেতাদের কাছে গাড়িটি সরবরাহ শুরু হবে।

আরও