যুক্তরাষ্ট্রে স্বতন্ত্র গ্রাহক পর্যায়ে পাঠানো ৮০০ ডলারের বেশি মূল্যের পণ্য ডেলিভারি স্থগিত করেছে ডিএইচএল এক্সপ্রেস, যা গতকাল কার্যকর হয়েছে। মার্কিন কাস্টমস নীতিতে পরিবর্তনের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে জার্মান লজিস্টিকস কোম্পানি ডয়চে পোস্টের শাখাটি। এটি যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে পণ্য রফতানিকারকদের জন্য বড় ধাক্কা বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।
ডিএইচএলের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিসে সম্প্রতি এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন কাস্টমস নীতি অনুযায়ী, এখন থেকে দেশটিতে পাঠানো ৮০০ ডলারের বেশি মূল্যের প্রতিটি চালানের জন্য বাধ্যতামূলকভাবে ‘ফরমাল এন্ট্রি প্রসেসিং’ করতে হবে। এর আগে এ সীমা ছিল ২ হাজার ৫০০ ডলার।
ডিএইচএল জানিয়েছে, শুধু ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের ক্ষেত্রেই এ স্থগিতাদেশ কার্যকর হবে। ব্যবসায়িক গ্রাহকদের মধ্যে (বি-টু-বি) পণ্য আদান-প্রদান চালু থাকবে। সেক্ষেত্রে কাস্টমস প্রক্রিয়ার কারণে বিলম্ব হতে পারে।
৮০০ ডলারের কম মূল্যের চালান এ নতুন নিয়মের আওতায় পড়বে না, তা ব্যবসায়িক বা ব্যক্তি যে পর্যায়ের হোক। প্রতিষ্ঠানটির দাবি যে এটি একটি সাময়িক ব্যবস্থা।
গত সপ্তাহে রয়টার্সকে দেয়া এক প্রতিক্রিয়ায় ডিএইচএল জানিয়েছে, হংকং থেকে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানো অব্যাহত থাকবে। তা কাস্টমসের নিয়ম মেনেই করা হবে। আগামী ২ মে থেকে কার্যকর হতে যাওয়া পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে গ্রাহকদের প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে হংকং পোস্ট জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে সমুদ্রপথে পণ্য পাঠানোর ডাকসেবা তারা বন্ধ করেছে। চীন ও হংকং থেকে আসা পার্সেলের ওপর যুক্তরাষ্ট্র শুল্কমুক্ত সুবিধা (ডি মিনিমিস) বাতিল করায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। হংকং পোস্ট যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘বুলিং’ হিসেবে অভিহিত করে।