টিসিবির পণ্য বিক্রি শুরু

রমজানে কম মূল্যে কেনা যাবে ডাল খেজুর তেল চিনি ছোলা

আসন্ন রমজানে সাশ্রয়ী মূল্যে ডাল, খেজুর, তেল, চিনি ও ছোলা বিক্রি শুরু করেছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আসন্ন রমজানে সাশ্রয়ী মূল্যে ডাল, খেজুর, তেল, চিনি ও ছোলা বিক্রি শুরু করেছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সকাল থেকে সারা দেশে বাজারমূল্যের চেয়ে কম দামে এসব পণ্য কিনতে পারবে সাধারণ মানুষ। সরকারি নির্দেশনায় স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করবে টিসিবি। গতকাল টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি রমজান উপলক্ষে সারা দেশে বিশেষ ট্রাকসেল কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির আওতায় ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) মোট ২০ দিন ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হবে।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় প্রতিদিন ৫০টি, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২০টি, দেশের অন্যান্য সাতটি মেট্রোপলিটন এলাকায় প্রতিদিন ১৫টি করে এবং অবশিষ্ট ৫৫ জেলায় পাঁচটি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি। প্রতিটি ট্রাকে দৈনিক ৪০০ জন নিম্নআয়ের ভোক্তার কাছে পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে আনুমানিক ২৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে।

টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১১৫ টাকা, প্রতি কেজি চিনি ৮০, মসুর ডাল ৭০, ছোলা ৬০ ও আধা কেজি খেজুরের দাম ১৬০ টাকা।

এদিকে রমজান উপলক্ষে প্রায় ৬৬ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ফেব্রুয়ারিতে প্রায় ৪০ হাজার ৩০০ টন এবং মার্চে প্রায় ৩৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে। কার্ডধারী পরিবারের জন্য প্রতি মাসে ভর্তুকি মূল্যে বিক্রয়কৃত ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ এবং মূল্য অপরিবর্তিত থাকবে।

আরও