বেশির ভাগ ব্যবহারিক ধাতুর দাম ২০২৪ সালের ব্যবসায়িক লেনদেনের শেষদিনে ঊর্ধ্বমুখী ছিল। এর মধ্যে গতকাল তামার দাম বেড়েছে আগের বছরের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ। দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের শিল্প-কারখানার কার্যক্রম। খবর বিজনেস রেকর্ডার।
চীনের উৎপাদন কার্যক্রম ডিসেম্বরে তৃতীয় মাসের মতো বেড়েছে। তবে এতে যথেষ্ট ধীরগতি রয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। একটি সরকারি কারখানার জরিপে দেখা গেছে, নতুন সরকারি প্রণোদনা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিকে সমর্থন দিচ্ছে।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে গতকাল তামার দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৮ হাজার ৯১৮ ডলারে। ২০২৩ সালের ব্যবসায়িক লেনদেনের শেষদিনে তামার দাম ছিল টনপ্রতি ৮ হাজার ৫৫৯ ডলার।
গতকাল সাংহাই ফিউচার এক্সচেঞ্জে জানুয়ারির সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৭ শতাংশ কমে টনপ্রতি ৭৩ হাজার ৬৯০ ইউয়ানে নেমেছে। জিনরুই ফিউচারসের বিশ্লেষকরা বলেন, ‘বছরের শেষের দিকে তামার মৌসুমি চাহিদা হ্রাস পাচ্ছে। এছাড়া মজুদও কিছুটা বেড়েছে।’