মূলত চীনে কয়লা কেনার আগ্রহ কমে যাওয়া এবং ভারতে চাহিদার ভারসাম্যের কারণে এ সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বছরের শুরুতে দাম বাড়লেও প্রান্তিকের শেষ দিকে বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। খবর হেলেনিক শিপিং নিউজ।
জানুয়ারির শুরুতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও ঘূর্ণিঝড় ‘কোজি’ আঘাত হানে। এর প্রভাবে কয়লা খনিগুলোয় জলাবদ্ধতা তৈরি হয়। এতে ডালরিম্পল বে কোল টার্মিনালসহ বিভিন্ন বন্দরে জাহাজীকরণ ও লজিস্টিক সেবা বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে স্ট্যানমোর ও ফিটজরয়ের মতো বড় খনি কোম্পানিগুলো ফোর্স ম্যাজিউর বা অনিবার্য কারণে পণ্য দিতে না পারার ঘোষণা করেছে। এর মানে হলো, অনিবার্য কারণে তারা আপাতত চুক্তিমতো পণ্য দিতে পারবে না। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কুইন্সল্যান্ডের মরনবাহ বিমানবন্দরে জানুয়ারিতে ২২৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। ২০১২ সালের পর এ এলাকায় এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত।
সরবরাহ সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে কোকিং কয়লার দাম কিছুটা বেড়েছে। গত ৩১ ডিসেম্বর অস্ট্রেলীয় কয়লার (এফওবি) দাম ছিল টনপ্রতি ২১৮ ডলার। অন্যদিকে চীনের বাজারে এ কয়লার দর দাঁড়িয়েছে টনে ২০৫ ডলার ৫০ সেন্ট। তবে দাম বাড়লেও তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত একটি খনি মালিকপক্ষ জানিয়েছে, বাজারের এ ঊর্ধ্বগতি হবে স্বল্পমেয়াদি। ইস্পাত কারখানার মালিকদের মুনাফা কমে যাওয়ায় তারা খুব বেশি চড়া দামে কয়লা কিনতে আগ্রহী নন। তাই শেষ পর্যন্ত কয়লার দাম খুব একটা বাড়বে না।
এশিয়ায় কয়লার সামগ্রিক সরবরাহ চেইন ঠিক রাখতে বিকল্প উৎসের দিকেও নজর দিচ্ছেন আমদানিকারকরা। অস্ট্রেলিয়ার ঘাটতি মেটাতে অনেক দেশ এখন কানাডা ও ইন্দোনেশিয়ার কয়লার দিকে ঝুঁকছে। পাশাপাশি চীনের মুক্ত বাণিজ্য এলাকাগুলো থেকেও কয়লা সংগ্রহের চেষ্টা চলছে।
এদিকে ভারতের নতুন নীতিও এ বাজারে বড় প্রভাব ফেলছে। ২০২৬ সালের শুরু থেকে দেশটি কোক আমদানির ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক ব্যবস্থা চালু করেছে। এর ফলে ইন্দোনেশিয়া থেকে কোক আমদানিতে প্রতি টনে ৮২ দশমিক ৭৫ ডলার শুল্ক দিতে হচ্ছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, এ নতুন ব্যবস্থা ভারতের নিজস্ব কয়লা ও কোক বাজারকে শক্তিশালী করবে। সামগ্রিকভাবে চীনের বাজারে মন্দাভাব এবং বিকল্প উৎসের সহজলভ্যতার কারণে এশিয়ায় কয়লার দাম খুব একটা বাড়বে না, বরং একটি নির্দিষ্ট সীমার মধ্যেই থাকবে।