লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) সপ্তাহজুড়ে তামার দাম বেড়েছে ২ দশমিক ৭১ শতাংশ। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ডলারের বিনিময় হার কমে যাওয়া ও সম্ভাব্য মার্কিন শুল্ক আরোপের উদ্বেগ ধাতবপণ্যটির বাজারে প্রভাব ফেলছে। খবর বিজনেস রেকর্ডার।
তবে এলএমইতে গতকাল তামার দাম দশমিক ১১ শতাংশ কমে টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৯ ডলারে। যদিও এর আগে তা পৌঁছেছিল টনে ৯ হাজার ৯১৭ ডলারে, যা ২৭ মার্চের পর সর্বোচ্চ। অন্যদিকে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) গতকাল তামার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৭৯ হাজার ৯২০ ইউয়ানে (১১ হাজার ১৪৮ ডলার ৯৩ সেন্টে)। সপ্তাহ ভিত্তিতে চীনের বাজারে তামার দাম বেড়েছে ২ শতাংশ।
বেইজিংভিত্তিক একটি ফিউচার কোম্পানির মেটাল অ্যানালিস্ট নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তামার দামে উত্থানের পেছনে ডলারের বিনিময় হারের নিম্নমুখিতা, এলএমই থেকে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রে তামার সরবরাহ বৃদ্ধি , আমদানি শুল্কের আশঙ্কা ভূমিকা রেখেছে। এছাড়া নিকটবর্তী সময়ে সরবরাহ ঘাটতির উদ্বেগও তামার বাজার ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে ভূমিকা রেখেছে।’