আফতাব অটোর শেয়ারদর বেড়েছে ১৫ শতাংশ

তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেডের গত সপ্তাহে ১৪ দশমিক ৯০ শতাংশ শেয়ারদর বেড়েছে।

তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেডের গত সপ্তাহে ১৪ দশমিক ৯০ শতাংশ শেয়ারদর বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ২৯ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ২৫ টাকা ৫০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আফতাব অটোমোবাইলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪০ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৬ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৯২ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে আফতাব অটোর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৬৪ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আফতাব অটোমোবাইলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ৭৬ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৯৪ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫৪ টাকা ৮৮ পয়সায়।

১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলসের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৫ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২২৫ কোটি ৮৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার ৯৯৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ২৯ দশমিক ৩২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ৪৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৯ দশমিক ২২ শতাংশ শেয়ার রয়েছে।

আরও