চাহিদা কম থাকায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি কমেছে। গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম মাসে মসলাজাত পণ্যটির আমদানি কমে নেমে এসেছে প্রায় এক-তৃতীয়াংশে।
ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে চাহিদা কমে যাওয়ায় হলুদ আমদানি কমেছে।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, জুলাইয়ে এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ১ হাজার ২৩৫ টন, যার মূল্য ছিল ২০ কোটি ২৩ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় ৭৪ কোটি ৪৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৬১৯ টন শুকনা হলুদ আমদানি হয়েছিল। এ হিসাবে চলতি অর্থবছরের প্রথম মাসে পণ্যটির আমদানি কমেছে ২ হাজার ৩৮৪ টন।
অন্যদিকে বন্দরে আমদানি কমলেও সাতক্ষীরার মসলাবাজারগুলোয় গুঁড়া হলুদের দাম স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের খুচরা মসলাপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে গুঁড়া হলুদ বিক্রি হয়েছে প্রতি কেজি ২৬০-২৭০ টাকায়। দেড়-দুই মাস আগেও পণ্যটি একই দামে বিক্রি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হাকিম।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, স্থলবন্দর দিয়ে আমদানি কমলেও সাতক্ষীরার মসলাবাজারে গুঁড়া হলুদের দাম বেশ সহনশীল পর্যায় রয়েছে।