দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। ভারত থেকে আমদানি বন্ধ ও দেশী পেঁয়াজের সরবরাহ কমে আসা পণ্যটির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল সরজমিনে হিলি বাজারে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই দেশী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এর পরও পণ্যটির দাম গত সপ্তাহের তুলনায় ঊর্ধ্বমুখী। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ৫৫ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৬৫ টাকায় পৌঁছেছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মমিনুল ইসলাম বলেন, ‘আমদানির অনুমতি না দেয়ায় কিছুদিন ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ আছে। এর কারণে বাজারে পণ্যটির সরবরাহ কমেছে। এছাড়া দেশী পেঁয়াজের মৌসুমও শেষের দিকে।’
তিনি আরো বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় অনেক ব্যবসায়ী দেশী পেঁয়াজ মজুদ করে রেখেছেন। মোকামগুলোয় পেঁয়াজের দাম আগের তুলনায় ঊর্ধ্বমুখী হয়েছে। এক সপ্তাহ আগে মোকামে প্রতি মণ পেঁয়াজের দাম ছিল ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। বর্তমানে তা বেড়ে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায় পৌঁছেছে। বাড়তি দামে কিনতে হয় হয় বলে খুচরায়ও তার সঙ্গে সামঞ্জস্য রেখে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।