এপ্রিলে ভারতের কয়লা আমদানি কমেছে ৪.৪%

ভারতের কয়লা আমদানি চলতি বছরের এপ্রিলে ৪ দশমিক ৪ শতাংশ কমে ২ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টনে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ২ কোটি ৬১ লাখ টন।

ভারতের কয়লা আমদানি চলতি বছরের এপ্রিলে ৪ দশমিক ৪ শতাংশ কমে ২ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টনে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ২ কোটি ৬১ লাখ টন। সম্প্রতি এক প্রতিবেদনে বি-টু-বি ই-কমার্স কোম্পানি এমজাংশন সার্ভিসেস লিমিটেড এ তথ্য জানিয়েছে। খবর দি ইকোনমিক টাইমস।

তবে এপ্রিলে ভারতের কয়লা আমদানি মার্চের তুলনায় ৯ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বি-টু-বি ই-কমার্স। মার্চে মোট আমদানির পরিমাণ ছিল ২ কোটি ২৭ লাখ ৯০ হাজার টন।

এপ্রিলে ভারত নন-কোকিং কয়লা আমদানি করেছে ১ কোটি ৫৯ লাখ টন, যা গত বছরের একই সময়ে আমদানি হওয়া ১ কোটি ৭৪ লাখ টনের তুলনায় কম। অন্যদিকে এ সময় কোকিং কয়লা আমদানি হয়েছে ৫৪ লাখ ২০ হাজার টন, যা ২০২৪ সালের এপ্রিলে আমদানি হওয়া ৪৯ লাখ ৭০ হাজার টনের তুলনায় বেশি।

সমুদ্রপথে আসা কয়লার দাম কম থাকার পরও উদ্বৃত্ত মজুদের সহজলভ্যতার কারণে আমদানি কমেছে বলে জানিয়েছেন এমজাংশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনয়া ভার্মা। তার মতে, উৎসবের মৌসুমের আগে চাহিদা না বাড়া পর্যন্ত এ প্রবণতা বজায় থাকবে।

ভারতে অভ্যন্তরীণ কয়লা উৎপাদন এপ্রিলে ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ৮ কোটি ১৫ লাখ ৭০ হাজার টনে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ে ছিল ৭ কোটি ৮৭ লাখ ১০ হাজার টন।

ভারতে ৮০ শতাংশেরও বেশি কয়লা উৎপাদন করে কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল)। কোম্পানিটি এপ্রিলে প্রায় ৬ কোটি ২১ লাখ টন কয়লা উৎপাদন করেছে, গত বছর একই সময় যা ছিল ৬ কোটি ১৮ লাখ টন।

আরও